চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে অর্ধশতাধিক নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভিডিওটি ফেসবুকে প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিছিলটির নেতৃত্বে ছিলেন মিজানুর রহমান নিজেই। ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে নেতা-কর্মীরা মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’-এমন নানা স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কালাবিবির দিঘীর মোড় এলাকায় মিছিলটি বের করা হয়। অল্প সময়ের মধ্যে ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে স্লোগান দিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত সটকে পড়েন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে ঘটনাটি ঠিক কখন এবং সুনির্দিষ্ট কোন স্থানে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’
আপনার মতামত লিখুন