বাগেরহাটের চিতলমারী উপজেলায় ‘চিত্রার্থ’ সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একটি শোরুমে অনুষ্ঠানের মাধ্যমে সাময়িকীটির যাত্রা শুরু হয়।
শেরে বাংলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক সুরঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ।
সাময়িকীর সম্পাদক পঙ্কজ মণ্ডল জানান, বাংলাদেশ, ভারত ও কানাডাসহ বিভিন্ন দেশের নবীন-প্রবীণ লেখকদের গল্প, কবিতা ও প্রবন্ধ নিয়ে সাময়িকীটি প্রকাশিত হয়েছে। নতুন লেখক তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চিতলমারী এস এম মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী, ‘নবধারা’ পত্রিকার সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় সংবাদকর্মী ও কবি-সাহিত্যিকেরা। বক্তারা এই সাহিত্য সাময়িকীর মাধ্যমে এলাকায় সুস্থ ধারার সংস্কৃতি ও সাহিত্যচর্চা বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন