জামালপুরের মাদারগঞ্জে একটি সেচঘর থেকে রূপসী (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্বপাড়া বৈশাখীগাড়ী আকন্দবাড়ি সংলগ্ন একটি সেচঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রূপসী চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের সাইরুদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক জমিতে সার দিতে গিয়ে সেচঘরের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হলে স্থানীয়রা সেখানে ভিড় করেন। পরে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনেরা সেখানে গিয়ে রূপসীর মরদেহ শনাক্ত করেন।
নিহতের বাবা সাইরুদ্দিন জানান, রূপসীর মুঠোফোনে মাঝেমধ্যে একটি নম্বর থেকে ফোন আসত। বিষয়টি জানতে পেরে তিনি মেয়ের ফোন বন্ধ করে দিয়েছিলেন। পরে ফোনটি চালু করা হলে অজ্ঞাত পরিচয় এক যুবক আবার ফোন করেন। সাইরুদ্দিনের কণ্ঠ শুনে ওই যুবক কথা না বলে সংযোগ কেটে দেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ঘরে গিয়ে দেখেন রূপসী নেই। অনেক খোঁজাখুঁজি করেও রাতভর তার কোনো সন্ধান মেলেনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, উদ্ধার হওয়া মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন