ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো। হাসনাতের দাবি, এ বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ওপর চাপিয়েছেন এবং স্থানীয় আলেমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

পুলিশের কনসার্ট বন্ধের ঘটনা প্রসঙ্গে হাসনাত ব্যাখ্যা দেন যে, ঘটনাটি গণমাধ্যমে যেভাবে এসেছে, প্রকৃত চিত্র ছিল তার ভিন্ন। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদরাসা শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। তারা কেবল শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর অর্থ এই নয় যে সেখানে সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ।
এ ছাড়া নৌকাবাইচের স্থান উল্লেখের ক্ষেত্রেও নিজের তথ্যগত ভুল স্বীকার করেছেন হাসনাত। তিনি বলেন, সিলেটের জায়গায় ভুলবশত ব্রাহ্মণবাড়িয়ার নাম বলে ফেলেছিলেন। সময় স্বল্পতার কারণে সংসদে বিস্তারিত বলার সুযোগ না হওয়ায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি জানান।
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের আদর্শের কথা স্মরণ করে বলেন, ‘বাংলাদেশে মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাজার, কনসার্ট, রথযাত্রা - সবই থাকবে। যার যেটি পছন্দ, সেটিতে অংশ নেবে। সরকারের দায়িত্ব হলো সবার নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে একটি সর্বজনীন ও বৈচিত্র্যময় সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন