নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (৩০ আগস্ট) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মনিরা হকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) অঞ্চলের ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত ‘নোয়াখালী’ নামে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি এই বিভাগ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলাকে নিয়ে প্রস্তাবিত বিভাগটি বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। এর ফলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
আন্দোলনরত নেতারা আরও বলেন, ফেনী জেলা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। বৃহত্তর নোয়াখালীর এই তিন জেলার মানুষের সামাজিক ও বাণিজ্যিক বন্ধন অত্যন্ত দৃঢ়। তাই জনগণের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, ফেনী জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আফসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, নাজমুল হাসান, দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সৈকত, খালিদ হাসান মিরাজ ও মাইন উদ্দিন রানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, এটি কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের দাবি নয়, বরং সাধারণ মানুষের প্রশাসনিক উন্নয়নের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন