ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রাকিব বেপারী আদালতে উপস্থিত ছিলেন। রাকিব ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের লুৎফর ব্যাপারীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী হ্যাপি বেগমকে নির্যাতন করে আসছিলেন রাকিব। ২০১৫ সালের ৫ আগস্ট রাতে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে হ্যাপিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এরপর রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ৬ আগস্ট হ্যাপির বাবা হুমায়ুন শেখ বাদী হয়ে রাকিবসহ পাঁচজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রোববার (৩০ আগস্ট) আদালত এই রায় দেন। রায়ে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে গর্ভস্থ সন্তান হত্যার দায়ে তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আপনার মতামত লিখুন