যশোরের শার্শা উপজেলায় এক বাড়িতে দুই শিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আড়াই ও পাঁচ বছর বয়সী দুই ছেলেকে শ্বাসরোধে হত্যার পর বাবা নিজে বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে। তার দুই ছেলে হচ্ছে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেন একাধিক বিয়ে করেছিলেন। তার প্রথম দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। পারিবারিক কলহের জেরে গত এক সপ্তাহ আগে বর্তমান স্ত্রীও দুই সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে দুই শিশুপুত্রকে নিয়ে কামালের সঙ্গে তার মা থাকতেন। আজ দুপুরে কামালের মা বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে কামাল তার দুই সন্তানকে ঘরের ভেতর শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এরপর তিনি নিজে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবন করে আত্মহত্যার পথ বেছে নেন।
প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দেন। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। কামালের মোট সাতজন সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কামাল হোসেন বিষপানে আত্মহত্যা করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে দুই শিশুর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুদের হত্যার পর বাবা নিজে আত্মহত্যা করেছেন। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।’
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন