বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তাদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে ময়মনসিংহে কর্মবিরতি পালিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) ময়মনসিংহে বিএডিসির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।
ময়মনসিংহ নগরের খাগডহর এলাকায় অবস্থিত বিএডিসি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। এ সময় জেলায় কর্মরত বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের দাপ্তরিক কাজ বন্ধ রেখে কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত কর্মকর্তারা জানান, সম্প্রতি অর্থ বিভাগের এক আদেশে বিএডিসির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাডার পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ অধিকাংশ পদের বেতন গ্রেড এক ধাপ করে কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার সময়সীমাও বাড়ানো হয়েছে। কর্মকর্তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সংকুচিত হবে।
নতুন এই আদেশে বিএডিসির মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদটি দ্বিতীয় গ্রেড থেকে নামিয়ে তৃতীয় গ্রেড করা হয়েছে। একইভাবে অতিরিক্ত পরিচালক ও অতিরিক্ত মহাব্যবস্থাপক পদ ৩য় থেকে ৪র্থ গ্রেড; যুগ্ম পরিচালক, উপপ্রধান প্রকৌশলী ও যুগ্ম হিসাব নিয়ন্ত্রক পদ ৪র্থ থেকে ৫ম গ্রেড এবং উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী পদ ৫ম থেকে ৬ষ্ঠ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষুব্ধ কর্মকর্তারা জানান, অর্থ বিভাগের এই নতুন আদেশ বাতিল করে আগের বেতন গ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহাল করা না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন