ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের মুঠোফোন তল্লাশি ও হয়রানি করার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
আটক যুবকেরা হলেন-ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের ইমাম হোসেন (২৮) ও নাজমুল হক মুন্না (৩৮) এবং দক্ষিণ যশপুর গ্রামের রাজীব হোসেন (৩৬)। পুলিশ জানায়, আটক নাজমুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি এবং ইমাম হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই তিন যুবক উত্তর যশপুর গ্রামে গিয়ে নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তারা বিভিন্ন পথচারীকে থামিয়ে তাদের মুঠোফোন তল্লাশি শুরু করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানি করে আসছিল। ভয়ভীতি দেখিয়ে তাঁরা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন