বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন দপ্তরে ঝটিকা সফর করেছেন উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এই পরিদর্শনের সময় ২২ জন কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। নির্ধারিত সময়ে অফিসে না আসায় তাদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ সরেজমিনে পরিদর্শনে বের হন উপাচার্য। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতেই ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ টেবিলে অনুপস্থিত দেখেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে উপাচার্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন। পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সময়ানুবর্তিতা ও জবাবদিহি একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির প্রধান শর্ত।’
অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দিয়ে উপাচার্য ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন