মানিকগঞ্জের হরিরামপুরে মুঠোফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার ওই এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। সে স্থানীয় আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহার করা নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মা তার কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে অন্য সন্তানের স্কুলে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাতের ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর পেয়ে হরিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন জানান, এক অভিভাবকের মাধ্যমে তিনি জান্নাতের মৃত্যুর খবরটি শুনেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
আপনার মতামত লিখুন