দেশের উন্নয়নের জন্য শিল্পায়ন জরুরি হলেও তা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, শিল্পায়ন করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না; কারণ মানুষের জীবন রক্ষা না হলে অর্থ-সম্পদ দিয়ে কোনো লাভ হবে না।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ ইস্পাত মিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সন্তানেরা যদি নিঃশ্বাসই নিতে না পারে, তবে শিল্পায়ন দিয়ে কী হবে? এখানকার দূষণের ফলে কারখানার শ্রমিক থেকে শুরু করে বাইরের সাধারণ মানুষ-সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, আকিজ ইস্পাত মিল থেকে নিয়মিত কালো ধোঁয়া নির্গত হয়। কারখানাটির পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও গজারিয়া থানা অবস্থিত। এছাড়া এক কিলোমিটারের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কারখানার কালো ধোঁয়ায় শিক্ষার্থী, রোগী ও পথচারীসহ সবাই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরজাহান আশরাফী, পুলিশ সুপার মো. মিনহাজুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নূরুল আমিন সরকার এবং জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন