খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) উদ্যোগে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই চিকিৎসাসেবা দেওয়া হয়। সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসারদের সমন্বয়ে একটি বিশেষ দল রোগীদের সেবা দেন।
আয়োজকেরা জানান, দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে দুর্গম এলাকা থেকে আসা পাহাড়ের প্রায় দেড় হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি রোগী অংশ নেন। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়।
এছাড়া ছানি পড়ার কারণে প্রাথমিকভাবে ১০০ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে, যা সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।
সিন্দুকছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল ইসমাইল শামস আজিজি বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের অসহায় ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।
উপকারভোগীরা জানান, হাতের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা আনন্দিত। দুর্গম এলাকায় এমন আয়োজনের জন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন