গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার (১৮ এপ্রিল) সকালে পানি, নদী ও পরিবেশবিষয়ক গ্রন্থ ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’র প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নদী ও পরিবেশের সমকালীন সংকট উত্তরণে এ ধরনের গবেষণাধর্মী কাজ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু, অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রকিবুর রহমান এবং লেখক-গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম। স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট বেগম হিলালী। অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী পানি ও পরিবেশসংকট একটি বড় চ্যালেঞ্জ। প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজের এই গবেষণাধর্মী বইটি নীতিনির্ধারক, গবেষক ও সচেতন পাঠকদের জন্য একটি সময়োপযোগী সংযোজন। বইটিতে নদী, পানিদূষণ, হাইড্রো-পলিটিকস ও টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়েছে।
বইটির লেখক প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজ একজন পানি ও পরিবেশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি বিশ্বব্যাংক, ইউনিসেফ, ওয়াটারএইড ও অক্সফামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক জাহিদ হোসেন ফিরোজ বলেন, ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’ মূলত পানি ও নদী নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সমন্বয়। পানি কেবল জীবনের উৎস নয়; এটি সভ্যতা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।
ইমেরিটাস অধ্যাপক ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতের মুখবন্ধ সংবলিত ১১২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে ‘লেখাচিত্র’ প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আল নোমান।
আপনার মতামত লিখুন