হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির ‘লজ্জাবতী বানর’ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার রানিগাঁও ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ মাস বয়সী এই বাচ্চা বানরটি পথ হারিয়ে বন থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা বানরটি দেখতে পেয়ে আটকে রাখেন এবং রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিসে খবর দেন। পরে রেমা-কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা আল-আমিন হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করে।
বিট কর্মকর্তা আল-আমিন হোসেন বলেন, বাংলাদেশে লজ্জাবতী বানর এখন খুব একটা দেখা যায় না। এটি অত্যন্ত ধীরগতির ও শান্ত প্রকৃতির প্রাণী। প্রাণীটি মূলত গাছের কষ ও ছোট ছোট পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। উদ্ধারের পর বানরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এটি সুস্থ আছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ (Endangered) প্রজাতির প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। বন ধ্বংস ও পাচারের কারণে প্রকৃতি থেকে এই প্রজাতিটি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
আপনার মতামত লিখুন