সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিষপান করে আত্মহত্যা করেছেন এক নবদম্পতি। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাহফুজ (২২) ও তার স্ত্রী মনিকা (১৮)। পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে গত পাঁচ মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে মাহফুজ ও মনিকা পরিবারের অন্য সদস্যদের খাবার পরিবেশন করেন। এরপর তারা দুজন রান্নাঘরে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের সেখানে বিষপান করা অবস্থায় ছটফট করতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারও মৃত্যু হয়।
মাহফুজের বাবা আজিজুর রহমান বলেন, ‘সকালে স্বাভাবিকভাবেই তারা পরিবারের সবাইকে খাবার খাইয়েছে। এর কিছুক্ষণ পরেই এমন ঘটনা ঘটল। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বড় কোনো বিবাদের কথা আমাদের জানা নেই।’
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিকার মৃত্যু হয়েছিল। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় স্বামী মাহফুজ মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বিষপানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কেন তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একসঙ্গে দুই তরুণ-তরুণীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন