‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) মানিকগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও আইনি মেলার আয়োজন করা হয়। সংবাদ’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আইনজীবীদের মানবিক ও দায়িত্বশীল হতে হবে। বিভেদ ও দ্বন্দ্বে না জড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলা আধুনিক ডাকবাংলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাটুরিয়ায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন। জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা : জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকালে বর্ণাঢ্য র্যালি ও স্বাস্থ্য চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল পর্যায়ে এই আইনি সেবাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে র্যালির পাশাপাশি দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরার সভাপতিত্বে আয়োজিত সভায় বিচারক, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
গাইবান্ধা : জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্র্যাক, এসকেএস ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার কর্মসূচির উদ্বোধন করেন।
বাগেরহাট : বাগেরহাটে আদালত প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জজশিপ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম। সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। বক্তারা বলেন, সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তৃণমূলের মানুষের বিচার পাওয়ার পথ সহজ হয়েছে।
সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন