বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সারাদেশে নানা আয়োজনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদপত্রের স্বাধীনতার দাবি জানানো হয়েছে। রোববার (৩ মে) ময়মনসিংহ, ফেনী, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় র্যালি, আলোচনা সভা ও প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
ময়মনসিংহ : ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য; আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও সাহসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনের প্রশাসকসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।
সাতক্ষীরা : ‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’-এই স্লোগানে সাতক্ষীরায় ব্যতিক্রমী প্রতিবাদ জানানো হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকরা মুখে ও চোখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন। তারা সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সংবাদকর্মীর মুক্তি দাবি করেন। বক্তারা বলেন, গণমাধ্যম কার্যালয়ে ‘মব সন্ত্রাস’ চালিয়ে ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
ফেনী : ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভায় বক্তারা বলেন, গণমাধ্যম এখনো বহুমাত্রিক সংকটে। প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক অভিযোগ করেন, মিডিয়া হাউসগুলো একশ্রেণির ভূমিদস্যু ও লুটেরার দখলে থাকায় সাংবাদিকদের মর্যাদা কমছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন বলেন, আর্থিক সংকট মাথায় নিয়ে ভালো সাংবাদিকতা করা দুরূহ। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকতার পরিবেশ তুলনামূলক উন্নত হলেও তা আরও সুসংহত করার তাগিদ দেন তারা।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম প্রেসক্লাবের সভায় বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।
বাগেরহাট ও চরফ্যাশন : বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ। অন্যদিকে ভোলার চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা মানবাধিকার রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদার নেতৃত্বে সভায় গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়া হয়। একই সঙ্গে প্রয়াত ও ত্যাগী সাংবাদিকদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
আপনার মতামত লিখুন