ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় মাসুদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ মে) রাত আটটার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ হোসেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে স্কয়ার কোম্পানির বিপণন কর্মকর্তা রাসেল আহমেদের একটি মোটরসাইকেল চুরি হয়। মাসুদ হোসেন সেই মোটরসাইকেলটি নিয়ে দ্রুতগতিতে চুয়াডাঙ্গার দিকে পালাচ্ছিলেন। পথে নগরবাথানের ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদ রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোটরসাইকেলটি চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন