কুমিল্লার হোমনায় এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে অপদস্থ ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ওই নারীর নাম ছামফুলের নেছা (৭৮)। তিনি উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. শহিদ উল্লাহর স্ত্রী। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম তাপস কুমার সরকার। তিনি হোমনা থানায় এসআই হিসেবে কর্মরত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হোমনা থানা ভবনের চতুর্থ তলার ছাদে কয়েকজন যুবকের উপস্থিতিতে ওই বৃদ্ধাকে ধমকাচ্ছেন এসআই তাপস। এ সময় তার পরনে ছিল টি-শার্ট এবং হাতে ছিল জ্বলন্ত সিগারেট। বৃদ্ধার অভিযোগের বিষয়ে ধমকের সুরে তাকে মামলা না করে সামাজিকভাবে মিটমাট করার পরামর্শ দিচ্ছিলেন ওই কর্মকর্তা।
পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে নিজের চার সন্তান ও পুত্রবধূদের মারধরের শিকার হয়ে ঘরছাড়া হন ছামফুলের নেছা। এ বিষয়ে গত ২ মে তিনি হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দেন। তদন্তের দায়িত্ব পান এসআই তাপস কুমার সরকার। ৪ মে বিকেলে তদন্তের কথা বলে ওই বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযোগ প্রত্যাহারের জন্য তাকে চাপ দেওয়া ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ক্ষোভ দেখা দেয়। অনেকেই ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে কথা বলতে এসআই তাপস কুমার সরকারের সরকারি ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরিচয় দিয়ে অন্য একটি নম্বর থেকে কল করা হলে তিনি ‘পরে কথা বলব’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া সংবাদকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন