ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে আসামিদের আদালতের হাজতখানায় পাঠানোর ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম শাহীন। তিনি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার হাসেম মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গে থাকা সজল নামের আরেক আসামি পালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শাহীন ও সজলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আজ দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করা হয়। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় শাহীন পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, শাহীন ও সজলকে বাঞ্ছারামপুর থানা থেকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছিল। শাহীন হাতকড়াসহ পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। সজল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
আপনার মতামত লিখুন