নরসিংদীর মনোহরদী পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ বাইপাস সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর তা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মঙ্গলবার (৫ মে) দুপুরে পৌরসভার বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি পরিদর্শনে গিয়ে তিনি ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার কড়া নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই বাইপাস সড়কটির সংস্কারকাজ বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। ফলে বাজারে আসা ব্যবসায়ী, পণ্যবাহী যানবাহন ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিশেষ করে সাম্প্রতিক বৃষ্টিতে সড়কে হাঁটুসমান পানি ও কাদা জমে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে স্থবিরতা দেখা দেয় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে।
জনদুর্ভোগের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান। তিনি সড়কের বেহাল দশা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে অবিলম্বে কাজ শুরুর নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। কাদা-পানিতে একাকার হয়ে ব্যবসায়ীদের যে কষ্ট হচ্ছে, তা শুনেই আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ঠিকাদারকে আজ থেকেই কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, আপাতত সড়কের পানি ও কাদা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক প্রস্তুতি শেষ করে আগামী কয়েক দিনের মধ্যেই মূল ঢালাই কাজ শুরু হবে।
ইউএনওর এই ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা আশা করছেন, এবার অন্তত দ্রুত কাজ শেষ হবে এবং যাতায়াতে স্বাভাবিক গতি ফিরবে।
আপনার মতামত লিখুন