রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে ছয় ঘণ্টার ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পীরগঞ্জে এক কৃষককে পিটিয়ে হত্যা করে বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে মিঠাপুকুরে এক গরুর খামারিকে গলা কেটে হত্যা করা হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে গত বুধবার রাতে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর এলাকায় কৃষক মফিজার রহমান (৫০) বুধবার রাতে নিজের বোরো খেতের গভীর নলকূপ পাহারা দিতে যান। বৃহস্পতিবার (৭ মে) সকালে স্থানীয় লোকজন নলকূপের ঘরে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি নিয়ে গেছে। মফিজারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মফিজারের চাচাতো ভাই আবুল কাশেম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের একটি আমবাগান থেকে আবু সাঈদ (৪৫) নামের এক খামারির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সাঈদ কৃষি কাজের পাশাপাশি বাড়িতে গরুর খামার করতেন। গত বুধবার রাতে তিনি স্থানীয় শাল্টির বাজারে গিয়ে আর ফেরেননি। আজ সকালে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এখন পর্যন্ত এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আপনার মতামত লিখুন