সয়াবিনে প্রোটিনের পরিমাণ প্রায় ৫০ শতাংশ, যা মাছ কিংবা মাংসের চেয়েও বেশি। বাজারে সয়াবিনের ভালো দাম থাকায় উপকূলীয় অঞ্চলের কৃষকেরা এ ফসল চাষে লাভবান হচ্ছেন। রোববার (১০ মে) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ছেউয়াখালী এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে এসব তথ্য জানানো হয়।
উপকূলীয় অঞ্চলে সয়াবিন চাষের সম্প্রসারণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে এই সমাবেশের আয়োজন করে কৃষিভিত্তিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিড্যাড নেটওয়ার্ক’। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সলিডারিড্যাড নেটওয়ার্কের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান সয়াবিনের গুরুত্ব তুলে ধরেন।
সেলিম রেজা হাসান বলেন, উপকূলীয় লবণাক্ত জমিতে সয়াবিন আবাদ বাড়ানো গেলে কৃষকেরা আর্থিকভাবে অভাবনীয় লাভবান হবেন। সয়াবিন থেকে প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন করা গেলে একদিকে যেমন পশুপাখির খাদ্যের সংকট দূর হবে, অন্যদিকে ভোজ্যতেল উৎপাদনেও দেশ এগিয়ে যাবে। মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে সয়াবিন বড় ভূমিকা রাখতে পারে।
সমাবেশে আরও জানানো হয়, বর্তমানে অন্যান্য কৃষিপণ্যের চেয়ে সয়াবিনের বাজারমূল্য বেশি। যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সয়াবিন থেকে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা যায়, তবে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রোটিনের চাহিদা অনেক সাশ্রয়ী মূল্যে পূরণ করা সম্ভব। সয়াবিনের এই বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উপকূলীয় কৃষকদের সচেতন ও দক্ষ করে তোলার ওপর জোর দেন বক্তারা।
আপনার মতামত লিখুন