ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহের সময় র্যাবের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৯। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
আটক ব্যক্তিরা হলেন-খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম (১৯) এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সোমবার বিকেলে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিলেন র্যাবের তিন সদস্য। পথে নবীনগরের খাগাতোয়া গ্রামে পৌঁছালে ‘শফিক ডাকাত বাহিনী’র সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। র্যাব সদস্যদের একটি আস্তানায় জিম্মি করে মারধর করা হয়। হামলার সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা।
পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে রাতভর সাঁড়াশি অভিযান চালায় র্যাব। মূল অভিযুক্ত শফিক ডাকাত পালিয়ে গেলেও হামলায় জড়িত থাকার অভিযোগে আব্দুল কাদিরসহ পাঁচজনকে আটক করা হয়। র্যাবের দাবি, আব্দুল কাদির এই হামলার অন্যতম হোতা।
ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন