ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অরুয়াইল-রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার অরুয়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। তিনি অরুয়াইল দক্ষিণ বাজারের একটি মরিচের মিলে শ্রমিকের কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার পর থেকে আবেদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় মিলের মালিকপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা খবর পান, সড়কের পাশে একটি লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা সেটি আবেদের লাশ বলে শনাক্ত করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন