সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) গত ৩২ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার ২৪ ঘণ্টার অভিযানে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, মাদক ব্যবসায়ী ও চোরাচালানে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এ সময় এয়ারপোর্ট থানা-পুলিশ ৫০ কার্টন ভারতীয় চিপস এবং দক্ষিণ সুরমা থানা-পুলিশ ৩২টি ইয়াবা বড়ি উদ্ধার করে।
এদিকে বৃহস্পতিবার আট ঘণ্টার পৃথক অভিযানে আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ৬০ বস্তায় ১ হাজার ৮০০ কেজি জিরা এবং ১৫ বস্তায় ৭৫০ কেজি চা-পাতা উদ্ধার করে। এ ছাড়া এয়ারপোর্ট থানা-পুলিশ ২০ লিটার চোলাই মদ জব্দ করেছে।
এসএমপি জানিয়েছে, দুই দফার অভিযানে মোট ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন