গাজীপুরের কালীগঞ্জে নারী ও শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং উত্ত্যক্ত করার অভিযোগে মফিজ উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে)রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মফিজ উদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে স্কুল-কলেজগামী ছাত্রী এবং পোশাক কারখানার নারী শ্রমিকদের চলাচলের পথে অশালীন অঙ্গভঙ্গি করে আসছিলেন। তার এমন কর্মকাণ্ডে ওই এলাকার নারী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। গতকাল বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় একই ধরনের আচরণ করার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেন। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, নারীদের প্রতি অশালীন আচরণ ও উত্ত্যক্ত করা কোনোভাবেই সহ্য করা হবে না। সামাজিক নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, স্থানীয় জনগণের সচেতনতার কারণে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন