রাজবাড়ীর গোয়ালন্দে একটি ভাঙারির দোকান থেকে ভূমি অফিসের চুরি হওয়া সরকারি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের পাশের ওই দোকান থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। এ সময় হালিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানটি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের ছেলে অনিক খানের। আজ সকালে দৌলতদিয়া ভূমি অফিসের কর্মীরা অফিসে এসে দেখেন, জানালার গ্রিল কাটা এবং দরজা ভাঙা। পরে দেখা যায় অফিসের মোটর, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ বিভিন্ন ভাঙারির দোকানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে অনিক খানের দোকানে ভূমি অফিসের ৯টি সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া সেখানে পুলিশের এক কর্মকর্তার বাসা থেকে চুরি হওয়া মোটরসহ সরকারি রাস্তার দিকনির্দেশক পাইপ, বৈদ্যুতিক সরঞ্জাম ও বিপুল পরিমাণ লোহার সামগ্রী পাওয়া গেছে। দোকানের ভেতর মাদক সেবনের সরঞ্জামও পাওয়া যায় বলে পুলিশ জানায়।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, একটি ভাঙারির দোকানে সরকারি অফিসের মোটর, পাইপ ও ফ্যান পাওয়া গেছে। চুরি হওয়া ১১টি জিনিসের মধ্যে ৯টি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কম্পিউটার দুটি উদ্ধারের জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে মালামাল বুঝিয়ে দিতে না পারলে দোকানটি সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন