চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (৩১ মে) বেলা দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জোহার বন্ধু মো. সাজ্জিল (২০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত জোহা শাহরাস্তি উপজেলার মিরাজ সালেহ উদ্দিন তছলিমের ছেলে। সে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। ছোটবেলা থেকেই সে মায়ের সঙ্গে চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলায় নানাবাড়িতে থাকত। তার নানা মোহাম্মদ আলী পাঠান স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জোহা ও তার বন্ধু সাজ্জিল মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত সাজ্জিল হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত সংবাদকে বলেন, ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন