নওগাঁর বদলগাছী উপজেলায় ১২০০ মিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
উপজেলার ঢেকরা সফিরের জমি থেকে খোর্দ্দভূবন ব্রিজ পর্যন্ত এই খালটি দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে ছিল। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তেন স্থানীয় কৃষকরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা ব্যয়ের এই প্রকল্পের মাধ্যমে এলাকার কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘গ্রামীণ অবকাঠামো ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। খালটি পুনঃখনন হলে বর্ষায় জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে। এতে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এবং বালুভরা ইউপি চেয়ারম্যান এমরান হোসেন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রহমান।
স্থানীয় কৃষকরা জানান, খালটি ভরাট হয়ে থাকায় প্রতি বছর তারা ফসলের ক্ষতির মুখে পড়তেন। খনন কাজ শেষ হলে এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে। সচেতন মহল কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন