মাদারীপুরের রাজৈরে চার বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হলেও অভিযুক্ত যুবককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ, হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী পলাশ সরকারের ছেলে চন্দন সরকার কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটির ওপর নির্যাতন চালান। একপর্যায়ে শিশুটির মা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে চন্দন ঘরের দরজা খুলে পালিয়ে যান।
পরে শিশুটিকে উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পরামর্শে রোববার (২১ জুন) দুপুরে তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেলে আদালতে শিশুটির জবানবন্দি (১৬৪ ধারা) রেকর্ড করা হয়েছে।
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। তার মা বিলাপ করতে করতে বলেন, ‘আমার এতটুকু বাচ্চাকে ওই পাষণ্ড ধর্ষণ করল, এটা ভাবতেও পারছি না। আমি এই ঘটনার বিচার চাই। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে।’
মাদারীপুর জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চন্দন সরকার পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন