মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণ ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট সড়কের জোড়াপুল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। এতে ভূমি অফিস ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযান শেষে মো. মহিবুল্লাহ আকন বলেন, ভুরভুরিয়া ছড়াসহ উপজেলার বিভিন্ন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নজরদারি জোরদার করা হচ্ছে। এরই মধ্যে ছড়ার জায়গা দখল করে কয়েকটি বহুতল ভবন নির্মাণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পৌরসভার সহযোগিতায় দ্রুত ছড়ার সীমানা নির্ধারণ করে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অবৈধভাবে উত্তোলিত বালু মজুত রাখার অভিযোগটিও তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে সিলিকাসহ নানা জাতের বালু অবৈধভাবে উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। মাঝেমধ্যে প্রশাসনের অভিযানে জরিমানা ও যানবাহন জব্দ করা হলেও চক্রের মূল হোতারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যান।
এদিকে, এই অবৈধ বালুবাহী ট্রাকের বেপরোয়া গতির কারণে এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। গত এক মাসে শ্রীমঙ্গলের ভূনবীর ও সিন্দুরখান ইউনিয়নে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ, এক কিশোরী ও এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এসব ঘটনায় বিক্ষুব্ধ জনতা সম্প্রতি একটি ট্রাকে আগুনও ধরিয়ে দেয়। প্রশাসনের আজকের এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
আপনার মতামত লিখুন