ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী আপন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, কোতোয়ালি থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন