বিগত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন না হয়ে বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা জেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করতে হবে। অর্থের অভাবে কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ছিটকে না পড়ে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পাট আমাদের ঐতিহ্য। পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়ার পাশাপাশি দেশীয় পাটজাত পণ্যের ব্যবহারও বাড়ছে, যা আমাদের পাটশিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে।’
একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন