আইন পেশা একটি সেবামূলক ও স্বাধীন পেশা। এ পেশায় সরকারি কোনো আর্থিক সুযোগ-সুবিধা কিংবা বেতন-ভাতা নেই। স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকায় অনেকেরই এ পেশার প্রতি আগ্রহ রয়েছে। দেশের সরকারি, বেসরকারি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও এলএলবি ডিগ্রি প্রদান করে থাকে। বিশেষ করে আইন কলেজের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর এলএলবি কোর্সে ভর্তি হন। কোর্সটি দুই বছর মেয়াদি হলেও সনদ পেতে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত লেগে যায়। দীর্ঘ সেশনজটের কারণে নিয়মিত শিক্ষার্থীদেরও বয়স ৩০ থেকে ৩২ বছর পেরিয়ে যায়। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স আরও বেশি হতে পারে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও সেশনজট রয়েছে।আইন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের বড় একটি অংশের লক্ষ্য থাকে বিচার বিভাগে যোগ দেওয়া অথবা আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়া। অর্থ, শ্রম ও মেধা ব্যয় করে দীর্ঘ সময় পর এলএলবি সনদ অর্জন করেন তারা। এরপর নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ আইনজীবীর তত্ত্বাবধানে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে আদালতে কাজ করতে হয় এবং বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে হয়। সব প্রক্রিয়া শেষ করে বার কাউন্সিলের অধীনে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই মেলে আইন পেশা পরিচালনার সনদ। অথচ এই সনদ অর্জনের পর সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পাওয়া যায় না। দেশে আইনজীবীর সংখ্যা বাড়লে সরকারের কোষাগারের কোনো আর্থিক ক্ষতির আশঙ্কাও নেই। বরং পরীক্ষার নিবন্ধন ও ফরম পূরণের ফি থেকে সরকার রাজস্ব পায়। আইনজীবীর সংখ্যা বাড়লে বিচারপ্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক দায়বদ্ধতা বাড়বে। তাহলে স্বাধীন এই পেশায় প্রবেশের ক্ষেত্রে বয়সের বাধা আরোপের প্রয়োজন কেন?সম্প্রতি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়সসীমা নির্ধারণ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য এবং পরে বার কাউন্সিলের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষানবিশ আইনজীবী ও এলএলবি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দেশের বিভিন্ন আদালতে কর্মরত লক্ষাধিক শিক্ষানবিশ আইনজীবী এবং আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। ষষ্ঠ গ্রেডের বিচার বিভাগীয় চাকরিতেও পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩২ বছর। এসব চাকরিতে যোগ দেওয়ার পর একজন কর্মকর্তা নিয়ম অনুযায়ী বেতন-ভাতাসহ নানা সরকারি সুযোগ-সুবিধা পান। অথচ বিনা বেতনের একটি স্বাধীন পেশায় প্রবেশের ক্ষেত্রে বয়সের বাধা আরোপ করা কতটা যুক্তিসংগত? প্রতিবেশী ভারতসহ বিশ্বের অনেক দেশেই আইনজীবী হিসেবে সনদ পাওয়ার ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট সীমা নেই। এ বিষয়ে অনেক জ্যেষ্ঠ আইনজীবীও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, বার কাউন্সিলের এমন সিদ্ধান্ত আইনের দৃষ্টিতেও প্রশ্নবিদ্ধ।গণবিজ্ঞপ্তিতে পেশায় প্রবেশের বয়সের কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট বয়সের পরও আইনজীবী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ আগের মতোই রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি নির্দিষ্ট বয়সের পরও পেশায় থাকতে পারবেন, কিন্তু নতুন করে প্রবেশ করতে পারবেন না। এ ধরনের সিদ্ধান্তের ফলে অনেক শিক্ষার্থীর আইনজীবী হওয়ার স্বপ্ন বাধাগ্রস্ত হবে। আইন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে শিক্ষার্থী ভর্তির আগ্রহও কমে যেতে পারে।বার কাউন্সিল নিজস্ব তত্ত্বাবধানে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের আইন পেশা পরিচালনার সনদ দেয়। এই সনদ মূলত একটি পেশাগত অনুমতিপত্র। প্রশ্ন হলো, সেই অনুমতিপত্র পাওয়ার ক্ষেত্রে বয়সের বাধা থাকবে কেন? এলএলবি ডিগ্রিধারী সব শিক্ষার্থী একই তারিখে, একই প্রশ্নপত্রে এবং একই প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষায় অংশ নেন। তারা যে বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকেই পাস করুন না কেন, যোগ্যতার ভিত্তিতেই উত্তীর্ণ হতে হয়। ৩৫ বছরের বেশি বয়স হলেই একজন ব্যক্তি আইন পেশা পরিচালনার অযোগ্য হয়ে যাবেন, এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। বরং এ পেশায় টিকে থাকা নির্ভর করে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও অধ্যবসায়ের ওপর।আইন অঙ্গনে শৃঙ্খলা ফেরানোর যুক্তিতে বয়সসীমা নির্ধারণের কথা বলা হলেও বয়সের বাধা কখনো শৃঙ্খলা প্রতিষ্ঠার কার্যকর উপায় হতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আইনশিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয় ও কলেজ, জ্যেষ্ঠ আইনজীবী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন। পাশাপাশি অন্যান্য দেশের অভিজ্ঞতাও বিবেচনায় রাখা উচিত।আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়সসীমা-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে আগের নিয়ম বহাল রাখা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে বছরে অন্তত দুবার বার কাউন্সিলের তালিকাভুক্তির পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। আইন পেশায় প্রবেশের সুযোগ নির্ধারিত হওয়া উচিত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে, বয়সের ভিত্তিতে নয়।(লেখকের নিজস্ব মত)[লেখক: শিক্ষানবিশ আইনজীবী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত]