সংবাদ
সংবাদ

চাঁদা থেকে চাঁদাবাজি, ঘুষের বিস্তার

শাহ মো. জিয়াউদ্দিন
শাহ মো. জিয়াউদ্দিন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

চাঁদা থেকে চাঁদাবাজি, ঘুষের বিস্তার

চাঁদা বলতে সাধারণত কোনো বিশেষ কাজ, কল্যাণমূলক কর্মকাণ্ড বা নিয়মিত সেবার জন্য স্বেচ্ছায় কিংবা নির্ধারিত নিয়মে সংগৃহীত অর্থকে বোঝায়। যেমন—পূজা, উৎসব, সামাজিক অনুষ্ঠান বা জনকল্যাণমূলক কাজের জন্য মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা। চাঁদা হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে স্বেচ্ছায় বা বৈধ নিয়মে দেওয়া অর্থ। এই অর্থ জনকল্যাণে ব্যয় করার উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়।

চাঁদা সংগ্রহের প্রথা কবে থেকে শুরু হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো সাল জানা নেই। তবে মানবসভ্যতার প্রাচীন ইতিহাসে মেসোপটেমিয়া ও মিসরে (প্রায় পাঁচ হাজার বছর আগে) খাজনা ও ধর্মীয় অনুদানের মাধ্যমে এ ধরনের অর্থ সংগ্রহের প্রচলন ছিল। সমাজের প্রয়োজন ও ক্ষমতার কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাঁদা সংগ্রহের ধরনও বদলেছে।

যেমন—

প্রাচীন মেসোপটেমিয়া ও মিসরে সেচব্যবস্থা, রাস্তাঘাট ও মন্দির নির্মাণের জন্য মানুষের কাছ থেকে ফসল বা শ্রম নেওয়া হতো। একে চাঁদা বা করের আদি রূপ বলা যায়।

প্রায় সব প্রাচীন ধর্মেই উপাসনালয় পরিচালনা ও দরিদ্রদের সহায়তার জন্য নিয়মিত অর্থ বা ফসলের একটি অংশ দেওয়ার প্রথা ছিল। যেমন—দশমাংশ বা টাইথ। এখনো বিভিন্ন ধর্মে এ ধরনের প্রথা প্রচলিত রয়েছে।

ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজা, সামন্তপ্রভু ও জমিদারেরা প্রজাদের কাছ থেকে নিয়মিত খাজনা আদায় করতেন। একে সরাসরি চাঁদা বলা যায় না। তবে এই অর্থ রাষ্ট্র বা শাসনব্যবস্থা পরিচালনায় ব্যয় হতো। মূল খাজনার বাইরেও জমিদারের বাড়ির উৎসব, পূজা-পার্বণ কিংবা রাস্তা নির্মাণের নামে প্রজাদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়া হতো। বাংলায় তা ‘আবওয়াব’ বা অতিরিক্ত আদায় হিসেবে পরিচিত ছিল।

আধুনিক যুগে ক্লাব, পাঠাগার, স্কুল ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনার জন্য সদস্যদের কাছ থেকে নিয়মিত মাসিক বা বার্ষিক চাঁদা নেওয়ার প্রথা চালু হয়।

বাংলায় বারোয়ারি পূজা ও বিভিন্ন সামাজিক উৎসব আয়োজনের জন্য এলাকার মানুষের কাছ থেকে স্বেচ্ছায় অর্থ সংগ্রহের রীতি ব্যাপকভাবে প্রচলিত হয়।

রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য কর্মী ও সমর্থকদের কাছ থেকে রসিদের মাধ্যমে চাঁদা সংগ্রহ করে থাকে।

কিন্তু একসময় এই চাঁদা সংগ্রহের প্রথায় পরিবর্তন আসে। স্বেচ্ছাশ্রম ও কল্যাণমূলক উদ্দেশ্য হারিয়ে অর্থ আদায়ের ক্ষেত্রে ভয়ভীতি, জবরদস্তি এবং রাজনৈতিক বা পেশিশক্তির ব্যবহার শুরু হয়। তখনই চাঁদা অপরাধমূলক কর্মকাণ্ডে রূপ নেয়, যা চাঁদাবাজি নামে পরিচিত। অর্থাৎ চাঁদা যখন সম্মতি ও সহযোগিতার জায়গা থেকে সরে গিয়ে ক্ষমতা ও ভয়ের হাতিয়ারে পরিণত হয়, তখনই তা চাঁদাবাজি হয়ে ওঠে।

বাংলা ভাষায় ফারসি ‘বাজ’ প্রত্যয় যুক্ত হয়ে চাঁদা থেকে ‘চাঁদাবাজ’ এবং সেই কাজ থেকে ‘চাঁদাবাজি’ শব্দের উৎপত্তি। ‘বাজ’ প্রত্যয়টি কোনো কাজে অভ্যস্ত বা আসক্ত ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন—ধোঁকাবাজ, মামলাবাজ ও ফন্দিবাজ। স্বেচ্ছায় দেওয়া অনুদানের পরিবর্তে ভয় দেখিয়ে নিয়মিত অর্থ আদায় যখন কিছু মানুষের পেশা ও ক্ষমতার উৎস হয়ে ওঠে, তখনই তাদের চাঁদাবাজ বলা হয়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চাঁদা যেভাবে চাঁদাবাজিতে রূপ নিয়েছে, তার কয়েকটি কারণ রয়েছে।

সম্মতির বদলে জবরদস্তি: আগে মানুষ নিজের সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী চাঁদা দিত। পরে স্থানীয় প্রভাবশালী ও পেশিশক্তির অধিকারীরা নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করতে শুরু করে। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া, শারীরিক ক্ষতি করা কিংবা সামাজিকভাবে হেনস্তার ভয় দেখানো হয়।

রাজনৈতিক আশ্রয় ও পেশিশক্তি: স্বাধীনতার পর, বিশেষ করে আশির দশক থেকে নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের প্রবণতা তৈরি হয়। রাজনৈতিক আশ্রয়ে থাকা স্থানীয় ক্যাডার ও সন্ত্রাসীরা এলাকা নিয়ন্ত্রণের নামে বাজার, ফুটপাত, পরিবহন ও নির্মাণ খাত থেকে নিয়মিত অর্থ আদায় শুরু করে।

সংগঠন ও সমিতির অপব্যবহার: পরিবহন মালিক-শ্রমিক সমিতি কিংবা বাজার কমিটির মতো বৈধ সংগঠনগুলো শুরুতে সদস্যদের কল্যাণে অর্থ সংগ্রহ করত। যেমন—দুর্ঘটনায় ক্ষতিপূরণ বা চিকিৎসার জন্য তহবিল গঠন। কিন্তু সময়ের সঙ্গে এসব সংগঠনের নিয়ন্ত্রণ প্রভাবশালীদের হাতে চলে যায়। ফলে কল্যাণ তহবিলের নামে সড়কে চলাচলকারী যানবাহন ও দোকান থেকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত অর্থ আদায় শুরু হয়। এভাবে কল্যাণের উদ্দেশ্যে গড়ে ওঠা ব্যবস্থা চাঁদাবাজির হাতিয়ারে পরিণত হয়।

নিরাপত্তার অজুহাত: অপরাধজগতের ভাষায় একে ‘সুরক্ষা অর্থ’ বলা হয়। ব্যবসায়ীদের বলা হয়, তাদের ব্যবসা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে স্থানীয় প্রভাবশালীদের নিয়মিত মাসোহারা দিতে হবে। এভাবে নিরাপত্তার নামে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়।

হুমকি দিয়ে অর্থ আদায়: শারীরিক ক্ষতি, মানসিক হয়রানি, সম্মানহানি কিংবা গোপন তথ্য প্রকাশের হুমকি দিয়েও অর্থ আদায় করা হয়। বর্তমানে কিছু গণমাধ্যমকর্মীর বিরুদ্ধেও তথ্য প্রকাশের ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশাকে ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়।

রাজনৈতিক ও স্থানীয় প্রভাবের অপব্যবহার: ব্যবসায়ী, দোকানদার, নির্মাণপ্রতিষ্ঠান ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত বা এককালীন অর্থ দাবি করা হয়। স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের কেউ কেউ দখল ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে অবৈধভাবে টাকা বা সুবিধা আদায়ের চেষ্টা করেন। এসব কর্মকাণ্ডে কিশোর গ্যাংকেও ব্যবহার করা হচ্ছে। তাদের পেছনে অনেক সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মদদ থাকে।

এ প্রসঙ্গে রাজশাহী জেলার পবা উপজেলার একটি কলেজের একটি ঘটনার উল্লেখ করা যায়। অভিযোগ রয়েছে, ওই কলেজের কয়েকজন শিক্ষক স্থানীয় চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের মধ্যে দু-তিনজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করছেন।

গত ৩ আগস্ট ২০২৬ তারিখে ওই কলেজের একজন শিক্ষক কলেজের চলমান কাজের ঠিকাদারকে ফোন করেন। অভিযোগ অনুযায়ী, তার উদ্দেশ্য ছিল চাঁদা আদায়। তিনি ফোনটি ছাত্রদলের পরিচয় ব্যবহারকারী এক তরুণের হাতে তুলে দেন। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষক চাঁদা আদায়ের চেষ্টা করেন। কলেজের শিক্ষক কয়েকজন সাবেক শিক্ষার্থীকে নিয়ে একটি চাঁদাবাজির চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে। কলেজের শিক্ষকের সঙ্গে ঠিকাদারের দেখা হলে তিনি বিষয়টি মিটিয়ে ফেলতে কিছু টাকা খরচ করার পরামর্শ দেন। এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক যদি এ ধরনের অপরাধে জড়িত থাকেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক।

অন্যদিকে, ঘুষ বা উৎকোচ হলো কোনো দায়িত্বশীল বা ক্ষমতাসীন ব্যক্তিকে তার বৈধ দায়িত্ব ও নীতি থেকে বিচ্যুত করে অনৈতিক বা বেআইনি সুবিধা আদায়ের উদ্দেশ্যে দেওয়া অর্থ, উপহার, সেবা কিংবা অন্য কোনো সুবিধা।

চাঁদাবাজিতে যেমন ভয়ভীতি বা ক্ষতির হুমকি দিয়ে জোরপূর্বক অর্থ কিংবা সুবিধা আদায় করা হয়, তেমনি ঘুষের মাধ্যমে অবৈধ সুবিধা বা সিদ্ধান্ত নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করা হয়। চাঁদাবাজি ও ঘুষ উভয়ই অবৈধ উপার্জনের পথ। তবে এ দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

চাঁদাবাজিতে হুমকি, ভয়ভীতি ও জবরদস্তি ব্যবহার করা হয়। অন্যদিকে, ঘুষের ক্ষেত্রে কোনো অবৈধ সুবিধা বা কাজের বিনিময়ে অর্থ কিংবা উপহার দেওয়া বা নেওয়া হয়।

চাঁদাবাজিতে ভুক্তভোগীকে ভয়ের কারণে বাধ্য হয়ে অর্থ দিতে হয়। ঘুষের ক্ষেত্রে অনেক সময় উভয় পক্ষের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট লেনদেন বা সমঝোতা থাকে।

চাঁদাবাজিতে হুমকিদাতা বা ক্ষমতাবান ব্যক্তি অর্থ দাবি করেন। ঘুষের ক্ষেত্রে সুবিধা প্রত্যাশী ব্যক্তি অনেক সময় নিজে থেকেই অর্থ বা অন্য কোনো সুবিধা দেওয়ার প্রস্তাব করেন।

চাঁদাবাজির মূল লক্ষ্য ভয় দেখিয়ে অর্থ বা সম্পদ হাতিয়ে নেওয়া। অন্যদিকে, ঘুষের উদ্দেশ্য কোনো সিদ্ধান্ত, কাজ বা অবৈধ সুবিধা নিজের পক্ষে নেওয়া।

তবে উভয় অপরাধের সঙ্গে সাধারণত ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তি, অসাধু কর্মকর্তা এবং পেশিশক্তিনির্ভর গোষ্ঠী জড়িত থাকে। ঘুষ ও চাঁদাবাজি সমাজে দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম বাড়ায়। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হন। রাষ্ট্রের আইন ও প্রশাসনের ওপর মানুষের আস্থাও কমে যায়।

যে চাঁদার প্রচলন হয়েছিল মানবকল্যাণ ও সামাজিক সহযোগিতার উদ্দেশ্যে, তা আজ অনেক ক্ষেত্রে চাঁদাবাজিতে পরিণত হয়েছে। এটি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, মানবতা ও সামাজিক শান্তিরও শত্রু। চাঁদাবাজি বন্ধ করতে হলে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। তা না হলে চাঁদা, চাঁদাবাজি ও ঘুষের এই দুষ্টচক্র থেকে সমাজের মুক্তি পাওয়া কঠিন হবে।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: উন্নয়নকর্মী]

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চাঁদা থেকে চাঁদাবাজি, ঘুষের বিস্তার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত