নাগরিক সেবা বন্ধ করে কি সহিংসতা নিয়ন্ত্রণ করা যায়?
একটি জেলার কিছু মানুষ সহিংসতা করেছে। সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে, থানা পুড়িয়ে দিয়েছে, সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের পরিবর্তে সরকার যদি গোটা জেলার মানুষের আর্থিক লেনদেন বন্ধ করে দেয়, ট্রেন চলাচল স্থগিত রাখে, উন্নয়ন বরাদ্দ আটকে দেয়, এমনকি ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাও পুনর্গঠন না করে ফেলে রাখে, তাহলে প্রশ্ন উঠবেই যে,সরকার আসলে কী করছে? অপরাধীদের নিয়ন্ত্রণ করছে, নাকি নিজের প্রশাসনিক ব্যর্থতার বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে?
গোপালগঞ্জকে ঘিরে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে এমন একাধিক অসংগতি দেখা যাচ্ছে, যা একটি দায়িত্বশীল সরকারের কাছ থেকে প্রত্যাশিত নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, অপরাধীদের শনাক্ত করা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। কিন্তু এখানে মনে হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতার ঘাটতি ঢাকতেই একের পর এক নাগরিক সেবা ও কার্যক্রম স্থগিত করা হচ্ছে।সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের ঘটনায়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর গোপালগঞ্জে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার বিপুলসংখ্যক হিসাব বন্ধ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার হিসাব বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই লাখ হিসাব। সরকারের বক্তব্য, সন্দেহজনক লেনদেনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সন্দেহজনক লেনদেনের সঙ্গে কারা জড়িত, কোন নম্বর থেকে অর্থ পাঠানো হয়েছে, কোন হিসাবে টাকা এসেছে-এসব তথ্য বের করার সক্ষমতা কি রাষ্ট্রের নেই? আর্থিক গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও কি অপরাধীদের আলাদাভাবে শনাক্ত করা অসম্ভব?অবশ্যই সম্ভব। কোনো হিসাবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে সেই হিসাব বন্ধ করা যেতে পারে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা যেতে পারে। কিন্তু অল্প কিছু মানুষের সন্দেহজনক লেনদেনের কারণে একটি জেলার বিপুলসংখ্যক মানুষের আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়ার যুক্তি কী? এখানে সরকারের সিদ্ধান্তের অসংগতিটা স্পষ্ট। অপরাধীকে শনাক্ত করার দায়িত্ব সরকারের। সেই কাজ করতে না পেরে সাধারণ মানুষের লেনদেন বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। বরং এটি প্রশাসনিক দুর্বলতাকেই সামনে নিয়ে আসে।একজন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা প্রবাসীর পরিবারের সদস্য-তাদের অনেকের দৈনন্দিন জীবন মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা তৈরি করে সরকার আসলে কাদের নিয়ন্ত্রণ করতে চাইছে? যারা অপরাধ করেছেন, তারা নিশ্চয়ই সবাই নন। তাহলে বাকি মানুষ কেন ভোগান্তিতে পড়বেন?একই ধরনের অসংগতি দেখা যাচ্ছে উন্নয়ন বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্তে। জানা যাচ্ছে, গোপালগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া প্রায় ৫০০ কোটি টাকার অর্থ আটকে গেছে। জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রশ্ন হচ্ছে, উন্নয়ন বরাদ্দের সঙ্গে সহিংসতার সম্পর্ক কী? যারা সরকারি স্থাপনায় হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রাস্তা, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা স্থানীয় অবকাঠামোর উন্নয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত কেন? এই অর্থ তো কোনো রাজনৈতিক দলের জন্য নয়, জনগণের জন্য। একটি জেলার কিছু মানুষের অপরাধের কারণে পুরো জেলার উন্নয়ন থামিয়ে দেওয়া হলে তার ক্ষতি বহন করবেন সাধারণ মানুষ।সরকার কি মনে করছে, উন্নয়ন বরাদ্দ আটকে রাখলে সহিংসতায় জড়িত ব্যক্তিরা শাস্তি পাবে? নাকি এতে রাজনৈতিকভাবে নির্দোষ মানুষও ক্ষতিগ্রস্ত হবেন, সেটি বিবেচনায় নেওয়া হচ্ছে না? ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তেও একই প্রশ্ন। নিরাপত্তাঝুঁকি থাকলে রেলপথ ও স্টেশনে নিরাপত্তা বাড়াতে হবে। প্রয়োজন হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে পুরো জেলার রেল যোগাযোগ বন্ধ রাখা কি প্রশাসনিক সক্ষমতার পরিচয়? রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পরিবহনব্যবস্থা চালু রাখতে না পারার দায় কি সাধারণ যাত্রীদের নিতে হবে?আরও বড় প্রশ্ন, সহিংসতায় পুড়ে যাওয়া থানা ভবনগুলো পুনর্গঠন করে পুলিশি কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ কেন দৃশ্যমান নয়? একটি থানা পুড়িয়ে দেওয়া হলে সেটি পুনর্গঠন করা সরকারের দায়িত্ব। সেখানে পুলিশি কার্যক্রম বন্ধ থাকলে স্থানীয় মানুষ নিরাপত্তা ও বিচার পাওয়ার ক্ষেত্রে আরও বেশি অনিশ্চয়তায় পড়বেন। অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য যেখানে পুলিশের উপস্থিতি আরও শক্তিশালী করা প্রয়োজন, সেখানে পুলিশি কার্যক্রমই যদি স্বাভাবিক না থাকে, তাহলে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসবে?এখানে সরকারের নীতিগত অসংগতিও স্পষ্ট। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কথা বলা হচ্ছে, অন্যদিকে থানার কার্যক্রম, যোগাযোগ ও নাগরিক সেবা স্বাভাবিক করতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সরকার কি বুঝতে পারছে না, এসব সেবা বন্ধ থাকলে অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাই বাড়তে পারে?তবে এসব সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি শুধু প্রশাসনিক ব্যর্থতা বা জনদুর্ভোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মানবাধিকারের প্রশ্ন। একটি জেলার কিছু মানুষের সহিংসতা বা অপরাধের দায়ে সেই জেলার বিপুলসংখ্যক সাধারণ মানুষের আর্থিক লেনদেন, যোগাযোগ, উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা সীমিত করে দেওয়া মানবাধিকারের মৌলিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে।
মানুষের চলাচলের স্বাধীনতা, জীবিকা নির্বাহের সুযোগ, আর্থিক কর্মকাণ্ড পরিচালনা এবং মৌলিক নাগরিক সেবা পাওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় সমষ্টিগতভাবে একটি জেলার সব মানুষের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়বিচারের ধারণার পরিপন্থী। অপরাধের দায় ব্যক্তির, কোনো এলাকার সব মানুষের নয়। রাষ্ট্র যদি অপরাধী শনাক্ত করার পরিবর্তে একটি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা সংকুচিত করে, তাহলে নিরপরাধ মানুষও কার্যত শাস্তির মুখে পড়েন।রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারে। কিন্তু সেই বিধিনিষেধ হতে হবে আইনসম্মত, প্রয়োজনীয়, যুক্তিসংগত ও আনুপাতিক। নিরাপত্তার অজুহাতে মানুষের মৌলিক অধিকার অযৌক্তিকভাবে সীমিত করার সুযোগ নেই। অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর একটি গোটা জনগোষ্ঠীকে কার্যত শাস্তির মুখে ঠেলে দেওয়া এক বিষয় নয়। রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যেমন আছে, তেমনি নাগরিকের মানবাধিকার সুরক্ষার দায়িত্বও আছে। একটিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যটিকে পদদলিত করার অধিকার রাষ্ট্রের নেই।সরকারের সামনে রাজনৈতিক কর্মসূচি রয়েছে। নতুন করে সহিংসতার আশঙ্কাও থাকতে পারে। সরকারি স্থাপনায় আবার হামলা হতে পারে, রেলপথ ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব আশঙ্কা বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা করা অবশ্যই জরুরি। কিন্তু সম্ভাব্য সহিংসতার ভয়ে আগে থেকেই গোটা জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সংকুচিত করে দেওয়া কোনো দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হতে পারে না।সরকারের হাতে প্রশাসন আছে, পুলিশ আছে, গোয়েন্দা সংস্থা আছে। অপরাধীদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় আইন ও ক্ষমতাও আছে। তাহলে এসব প্রতিষ্ঠানকে কার্যকরভাবে ব্যবহার করার পরিবর্তে সাধারণ মানুষের সেবা বন্ধ রাখার পথ কেন বেছে নেওয়া হচ্ছে? এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।সবচেয়ে উদ্বেগের বিষয়, এ ধরনের সিদ্ধান্ত একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
আজ গোপালগঞ্জে সহিংসতা হয়েছে বলে সেখানকার মানুষের আর্থিক লেনদেন, যোগাযোগ ও উন্নয়ন কার্যক্রম সীমিত করা হচ্ছে। কাল অন্য কোনো জেলায় এমন ঘটনা ঘটলে সেখানেও কি একই ব্যবস্থা নেওয়া হবে? কোনো এলাকায় রাজনৈতিক সংঘাত হলেই কি সেই এলাকার মানুষ নাগরিক সেবা হারাবেন? কোনো জেলার মানুষ কি তাদের ভৌগোলিক পরিচয়ের কারণে সম্মিলিত শাস্তির মুখে পড়বেন?রাষ্ট্রের কাছে নাগরিকের অধিকার কোনো বিশেষ পরিস্থিতির ওপর নির্ভরশীল হতে পারে না। নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখাও দায়িত্ব। অপরাধের দায় ব্যক্তির। কোনো জেলার সব মানুষের নয়।একটি দায়িত্বশীল সরকার সংকটের সময় আরও বেশি বিচক্ষণ হবে, আরও বেশি সক্রিয় হবে। প্রশাসনের দুর্বলতা কাটিয়ে তুলবে, অপরাধীদের চিহ্নিত করবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবে। কিন্তু একের পর এক সেবা বন্ধ, বরাদ্দ স্থগিত এবং প্রশাসনিক কার্যক্রম সীমিত করার মধ্য দিয়ে সেই আস্থা তৈরি করা সম্ভব নয়।সরকারের কাছে তাই প্রশ্ন, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার দায় কার? অপরাধীদের শনাক্ত করতে না পারার দায় কার? পুড়ে যাওয়া থানা পুনর্গঠন করে পুলিশি কার্যক্রম স্বাভাবিক করতে না পারার দায় কার? এসব ব্যর্থতার বোঝা কেন সাধারণ মানুষ বহন করবেন?সরকার পরিচালনা কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেখানোর বিষয় নয়। রাষ্ট্র পরিচালনায় আবেগ, আশঙ্কা কিংবা রাজনৈতিক বিবেচনার চেয়ে আইন, যুক্তি ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হয়। কোনো জেলার মানুষকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা কিংবা তাদের উন্নয়ন ও নাগরিক সেবা আটকে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।
যারা সহিংসতা করেছে, তাদের গ্রেপ্তার করুন। যারা সরকারি সম্পদ ধ্বংস করেছে, তাদের বিচার করুন। সন্দেহজনক লেনদেনের সঙ্গে যারা জড়িত, তাদের হিসাব তদন্ত করে আইনি ব্যবস্থা নিন। কিন্তু পুরো জেলার মানুষের ওপর শাস্তি চাপিয়ে দেবেন না। কারণ অপরাধীর দায় নিরপরাধ মানুষের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়বিচার নয়। এটি নাগরিক অধিকারের পরিপন্থী এবং মানবাধিকারের জন্যও উদ্বেগজনক দৃষ্টান্ত।সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় জনগণের নয়। রাষ্ট্রের দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়। অপরাধীকে শাস্তি দেওয়া, নিরপরাধ মানুষকে নয়। গোপালগঞ্জের ঘটনায় সরকারকে এই মৌলিক কথাটি বুঝতে হবে।লেখক: বিশেষ প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন