চাঁদপুর মেঘনা নদীতে বৈরী আবহাওয়া ও স্রোতের কবলে বিপুল পরিমাণ ধান ও চাল বোঝাই ট্রলার ডুবির ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে মেঘনা নদী থেকে চাঁদপুর নদী বন্দরের ডাকাতিয়া নদীতে ঢুকার সময় শহর রক্ষাবাঁধ সংলগ্ন পুরানবাজার মদিনা মসজিদ ট্রলার ঘাট এলাকায় এই ট্রলার ডুবি'র ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ৩৮০০ বস্তা চাউল ও ১৪০০ বস্তা ধানসহ ট্রলারটি ডুবে যায়। তবে অল্প জন্য রক্ষা পান মাঝিসহ ৫ জন আরোহী। গতকাল পাবনা নগরবাড়ি ঘাট থেকে পণ্য নিয়ে ট্রলার রওনা দেয়। পরে বুধবার সকাল সাড়ে ৭টায় পুরানবাজার ঘাটের কাছে আসার পর তিন নদীর মিলনস্থলে প্রচন্ড ঘূর্ণিস্রোতে পড়ে। প্রথমে স্রোতের টানে ট্রলারটি একদিকে হেলে পড়ে এবং এক পর্যায়ে মালামাল সহ ট্রলারটি উল্টে যায়। এ সময় কার্গোতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর ভূঁইয়ার ঘাট এলাকায় পাড়ে ভিড়ানো হয়। চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এতে সৃষ্ট ঘূর্ণিস্রোতের মধ্য দিয়েই চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তিন নদীর মোহনা পাড়ি দিচ্ছে শত শত ছোট বড় নৌযান।