সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস, কেমন আছেন তারা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬

আজ ১ অক্টোবর, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে পহেলা অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে নিয়মিতভাবে এটি পালিত হয়ে আসছে। মানবজীবনের একটি অনিন্দ্য সুন্দর, স্বাভাবিক আর অনিবার্য অধ্যায়, বার্ধক্য। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে মানুষের গড় আয়ু বেড়েছে, যার ফলে প্রবীণদের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ পাল্টাচ্ছে। বাড়ছে মানুষের গড় আয়ু। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, দেশে ৬০ বছর ও তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ৯.৩ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০২৪ সালে বাংলাদেশে প্রবীণ জনসংখ্যা প্রায় ১ কোটি ৬৫ লাখ। ধারণা করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে যাবে, যা মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশে দাঁড়াবে। দিবসটি উপলক্ষে দেশে সরকারি ও সামাজিক পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।