সংবাদ

গোয়ালঘরে আর কতদিন?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর গ্রামে দীর্ঘদিন ধরে অন্যের গোয়ালঘরে মানবেতর জীবনযাপন করছিলেন সোহেল ও ঝর্ণা দম্পতি। চরম দারিদ্র্য ও অসুস্থতায় ধুঁকতে থাকা এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাদের স্থায়ী আশ্রয় ও আয়ের জন্য বসতঘর এবং একটি দোকান নির্মাণ করে দেওয়া হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এই নির্মাণকাজের উদ্বোধন করেন। জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির ছোট একটি গোয়ালঘরে অস্বাস্থ্যকর পরিবেশে দুই সন্তান নিয়ে বসবাস করত পরিবারটি। শারীরিকভাবে অসুস্থ সোহেল ঠিকমতো কাজ করতে পারেন না, অন্যদিকে স্ত্রী ঝর্ণার দুটি কিডনিই নষ্ট। অভাবের তাড়োনায় তাদের ১৩ বছর বয়সী বড় ছেলেটি স্কুল ছেড়ে দোকানে কাজ করছে, আর সাত বছরের ছোট ছেলেটি পড়ছে প্রথম শ্রেণিতে। পরিবারটির এমন করুণ অবস্থার খবর পেয়ে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউএনও দবির উদ্দিন সরেজমিনে তাদের বাড়িতে যান। দুর্দশা দেখে তিনি দ্রুত তাদের পুনর্বাসনের উদ্যোগ নেন। তাদের বাসস্থান নির্মাণের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, পরিবারটিকে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, একটি দোকান ও তার মালামালও কিনে দেওয়া হবে, যাতে তাদের স্থায়ী আয়ের পথ তৈরি হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিরাপদ আশ্রয় ও আয়ের উৎস পেলে পরিবারটির দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং সন্তানদের পড়াশোনা পুনরায় চালিয়ে নেওয়া সম্ভব হবে।