সংবাদ

দুমকিতে সেজদারত অবস্থায় মৃত ইমামের পরিবারের পাশে ব্র্যাক

পটুয়াখালীর দুমকি উপজেলায় মসজিদে সেজদারত অবস্থায় মারা যাওয়া ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় মরহুম ইমামের স্ত্রী আয়েশা আক্তারের হাতে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আটা, ১০ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ লিটার সয়াবিন তেল ও শিশুখাদ্য। উপজেলার শ্রীরামপুর গ্রামে ইমামের নিজ বাড়িতে এসব সামগ্রী বিতরণ করা হয়।গত ১৭ আগস্ট পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে ইমামতি করার সময় সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন মাওলানা আতাউল্লাহ। তিনি দুমকি উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের এক ছেলে এবং ৯ মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়ে।খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ব্র্যাকের পটুয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দীপংকর চক্রবর্তী, এলাকা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গোবিন্দ মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার মো. মিঠুন হাসান ও মেহেরিন আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মাওলানা আতাউল্লাহর নম্র আচরণ ও ধার্মিকতার কারণে এলাকায় তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার পরিবারের এই দুর্দিনে ব্র্যাকের মানবিক সহায়তার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

দুমকিতে সেজদারত অবস্থায় মৃত ইমামের পরিবারের পাশে ব্র্যাক