পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় অভিযুক্তদের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব দেওয়া এবং সরাসরি শারীরিক ও মানসিক নির্যাতনে যুক্ত থাকার প্রমাণ মিলেছে।
শাস্তির আওতায় অভিযুক্তদের ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের মাত্রাভেদে অনেককে এক সেমিস্টার থেকে এক বছরের জন্য হল ও ক্লাস থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া প্রত্যেককে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দিতে হবে এবং ভবিষ্যতে একই কাজ করলে স্থায়ী বহিষ্কারের সতর্কতা দেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত রেখে বিশেষ নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে শাস্তি কার্যকর শুরু হবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা মনে করছেন, র্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়তে এই কঠোর পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন