সংবাদ

বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১২

বান্দরবানে বেড়াতে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ৩৪ জনের একটি পর্যটক দল ‘রিলাক্স পরিবহন’-এর একটি এসি বাসে করে বান্দরবানে আসছিল। সকালের দিকে বাসটি জেলা শহরের কসাই পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে পাহাড়ের কিনারে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা ১২ জন পর্যটক আহত হন।খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। পুলিশ বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১২