বান্দরবান জেলাকে এগিয়ে নিতে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, কোনো দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কর্মকর্তাকে ‘শাস্তিমূলক বদলি’ হিসেবে এই পাহাড়ি জেলায় পাঠানো যাবে না।
রোববার (২৩ আগস্ট) বান্দরবানে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এক সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বান্দরবান দেশের অন্যতম একটি পিছিয়ে পড়া জেলা। এখানকার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনে যোগ্য ও জনবান্ধব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া জরুরি। সঠিক নেতৃত্ব ও দক্ষ প্রশাসনের মাধ্যমেই পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। কেবল অযোগ্যদের এখানে পাঠিয়ে এই অঞ্চলকে অবহেলার সুযোগ নেই।
পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনবিন্যাসের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এনসিপি বান্দরবানের সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। পাহাড়ের প্রতিটি মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে। কোনো একটি সম্প্রদায়কে পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন