সংবাদ

শিশু মাহফুজা হত্যার আসামি অধরা, অভিযুক্তের বাড়িতে ‘লুটপাট’

ফরিদপুরের নগরকান্দায় সাত বছরের শিশু মাহফুজা আক্তার হত্যার ১৮ দিন পার হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যেই অভিযুক্ত ব্যক্তির বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রাম থেকে শিশু মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহফুজার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। তবে দীর্ঘ সময় পার হলেও এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা।এদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হত্যাকাণ্ডের পর তাদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালংকার, গবাদিপশু, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জানমালের নিরাপত্তা চেয়েছেন তারা।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, ‘একটি অপরাধের বিচার আরেকটি অপরাধ দিয়ে হতে পারে না। কোনো ধরনের হামলা বা লুটপাট কাম্য নয়। আমরা প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখছি। লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও জানান, শিশু মাহফুজা হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শিশু মাহফুজা হত্যার আসামি অধরা, অভিযুক্তের বাড়িতে ‘লুটপাট’