সংবাদ

দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বজনদের সামনেই রাস্তা পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারিয়েছে জান্নাতুল (৫) নামের এক শিশু। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের ডম্বলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত জান্নাতুল উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের টাইলস মিস্ত্রি মামুন আলীর মেয়ে। ৯ দিন আগে মায়ের সঙ্গে সে ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মা, নানি ও মামানির সঙ্গে প্রতিবেশীর বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিল জান্নাতুল। নানাবাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি আসছে কি না, তা উঁকি দিয়ে দেখতে যায় সে। ঠিক তখনই দ্রুতবেগে আসা একটি রোগীবোঝাই অ্যাম্বুলেন্স জান্নাতুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানাবাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি মারা গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু