সংবাদ
সংবাদ

সাহিত্য

পূরবী বসুর গল্প

[বিশিষ্ট কথাসাহিত্যিক, নারীবাদী চিন্তক ও বিজ্ঞানী পূরবী বসু চলে গেলেন অনন্ত পরপারে। তাঁর জন্ম জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৪৯ সালে। ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার দিবাগত রাত বারোটায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসায় তাঁর জীবনাবসান হয় বলে জানিয়েছেন তাঁর জীবনসঙ্গী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। পারকিনসন্স রোগে আক্রান্ত তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দুবছর আগে তাঁর স্ট্রোক হয়, সেই জটিলতায় ভুগছিলেন। তিনি বাংলা সাহিত্যের এমন একজন লেখক, যাঁর সাহিত্যকর্মে নারীজীবনের অভিজ্ঞতা, সামাজিক বৈষম্য, ব্যক্তিমানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের জটিলতা এবং নারীর আত্মপরিচয়ের প্রশ্ন বিশেষ গুরুত্ব পেয়েছে। পূরবী বসুর জন্ম মুন্সীগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। বিজ্ঞানী হিসেবে তাঁর পেশাগত জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। শৈশব থেকেই তাঁর লেখালেখির শুরু। তবে প্রথম গল্পগ্রন্থ ‘পূরবী বসুর গল্প’ প্রকাশিত হয় ১৯৮৯ সালে। পরবর্তী সময়ে গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তাঁর চল্লিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: দিনরাত্রির ছায়াঘর, জীবন ও যৌবনের গল্প, যে রবে পরবাসে, সম্ভব অসম্ভবে পারাপার, নারীবাদী গল্প, আজন্ম পরবাসী, জোছনা করেছে আড়ি প্রভৃতি।  সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার ও ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সংবাদ পরিবারের সঙ্গে পূরবী-জ্যোতি জুটির সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও প্রাণবন্ত। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সংবাদ সাময়িকী’তে তাঁর এই গল্পটি প্রকাশ করা হলো। - ওবায়েদ আকাশ] *** সম্ভব অসম্ভবে পারাপারপূরবী বসুপর পর তিনবার শুধু এমনি এমনি ঘটনাগুলো ঘটতে পারে না।কাকতালীয়ভাবে একবার না হয় হলো। বড়জোর দু’বার। কিন্তু তিন তিনবার এরকম আশ্চর্য ঘটনা ঘটলে মনে প্রশ্ন জাগে বৈকি!নিশ্চয় আমার মধ্যে অসাধারণ-অলৌকিক কোনো ক্ষমতা আছে, যার সন্ধান এতোদিন পাইনি।অবশ্য সত্যজিৎ রায়ের অসাধারণ সৃষ্টি “দেবী”-র কথা যে মনে পড়েনি, তা নয়। পাগলাটে শ্বশুর স্বপ্নে পাওয়া কোন ঐশ্বরিক নির্দেশে পুত্রবধূকে দেবী সাজিয়ে রীতিমতো তার আরাধনা শুরু করেন। শঙ্খ, ঘণ্টা, কাশির বাজনা, আরফুল, বেলপাতা, চন্দন, ধূপ, নৈবেদ্যের থালায় কাটা ফল, জলেভেজা কাঁচা আতপ চালের গন্ধে মঁ মঁ করছে বাড়ি। এই সব কিছুর কেন্দ্রে সিংহাসনে বসে থাকতে হচ্ছে তার পুত্রবধূকে— দেবীর সাজে সেজে। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা এসে দেবীরূপী বধূকে সাষ্টাঙ্গে প্রণাম শেষে প্রার্থনা করে ফিরে যাচ্ছে দলে দলে। শহরে পড়তে-যাওয়া তরুণ পুত্রটি একদিন বাড়ি ফিরে এসে নিজের স্ত্রীর এই দুরবস্থা দেখে স্তম্ভিত। ক্ষ্যাপাটে কিন্তু প্রবল শক্তিধর পিতার কাছে থেকে দেবীর বেড়াজালে আবদ্ধ স্ত্রীকে মুক্ত করে নিয়ে শহরের উদ্দেশে পালাতে উদ্যত হয় সে। অতি নিশ্চুপে। রাতের নিস্তব্ধতায়। ধীরে ধীরে অন্ধকার ঘর পেরিয়ে। যাত্রার জন্যে তৈরি নৌকা। খেয়াঘাটে বাঁধা। আনুষাঙ্গিক সব আয়োজন সম্পন্ন। জ্যোৎস্না রাত।  স্বামীর সঙ্গে বালুময় নদীতীর ধরে পায়ে হেঁটে যাচ্ছে বধূ— শ্বশুরের আরাধনার দেবী। যেতে যেতে কাশফুলের গাছ, বুনোলতাপাতা, ঘাস পায়ে জড়িয়ে যেতে চায়। হঠাৎ তরুণী স্ত্রী মাঝপথে থমকে দাঁড়ায়। স্বামী উদ্বিগ্ন। কী হলো আবার? স্ত্রীর ঘোলাটে দৃষ্টি সামনে শূন্যে মেলে ধরা।  অনেক দূরে। কোথায় যেন চষে বেড়াচ্ছে তার মন। তাকে কেমন উতলা, চিন্তিত এবং কিঞ্চিৎ সন্ত্রস্ত মনে হয়। বিপর্যস্ত স্বামীকে স্তব্ধ করে দিয়ে স্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসে তার মনের গুরুতর সংশয়-সন্দেহ, যদি এমন হয় যে সে সত্যি সত্যিই “দেবী”,  তাহলে কী হবে? শুধু যে তার শ্বশুর আর বাড়ির অন্যান্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাই তাকে দেবী জ্ঞান করে তা-ই নয়, প্রকৃত-ই দু’একটা অলৌকিক ঘটনা ঘটেছে তার চারপাশের কারো কারো জীবনে, যেখানে তার একটা ভূমিকা থাকার সমূহ সম্ভাবনা রয়েছে— যার সাক্ষী সে নিজেও। এসবের একমাত্র ব্যাখ্যা মেলে সে যদি সত্যি দেবী হয়ে থাকে। সংস্কারমুক্ত, শিক্ষিত, শহুরে স্বামীটি অসহায় বোধ করে। বোঝে, তার ক্ষমতাধর পিতার কল্যাণে এই কোমলমতী সদ্য কৈশোর-অতিক্রান্ত মেয়েটির, তার নিজের স্ত্রীর, মগজ-ধোলাই প্রায় পরিপূর্ণ। সে কে বা কী, তা বুঝি বউটি আর নিজেও জানে না। কিন্তু “দেবী”র সেই কিশোরাত্তীর্ণা সরল পল্লী গৃহবধূ আমি তো নই। চট করে অবাস্তব, লোকাতীত কিছুতে বিশ্বাস স্থাপন করা এতো সহজ নয় আমার জন্যে। তা সত্ত্বেও এটা তো ঠিক লোকমুখে শোনা নয়, সেই ব্যাখ্যাতীত, বিস্ময়কর, প্রায় অবাস্তব ঘটনাগুলো প্রকৃত-ই ঘটেছিল আমার জীবনে, যার সাক্ষী আমি নিজে। আমার জীবনে প্রথম অলৌকিক ঘটনাটি ঘটে আমার যখন বয়স চার কি পাঁচ। মায়ের সঙ্গে অন্যান্য ভাইবোনসহ গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম মামাবাড়ি। রেলগাড়িতে চড়ে। আম, জাম, আমরুজ (জামরুল), তালের শাস, আমসত্ব খেয়ে টো টো করে সারাদিন গ্রামময় ঘুরে বেড়িয়ে, বড়দের বড়শি দিয়ে মাছ-ধরা দেখে, অনেক আনন্দ করার পরে ক্রন্দনরত মা ও দিদিমার সঙ্গে একদিন পালকিতে চড়ে আবার রেলস্টেশনে ফিরে এসেছিলাম। স্টেশনের বাইরে যেখানে পালকি থেকে আমাদের নামিয়ে দেয়া হলো, সেখান থেকে স্টেশনের প্ল্যাটফর্মের দূরত্ব কয়েক শ’ ফুট।  আমি ছিলাম ছোটমামার কোলে। স্টেশন জুড়ে সেদিন ভীষণ ভিড়। অন্যত্র-গামী একটা ট্রেন আসতে তিন ঘণ্টা দেরি করছে। তাই এই অতিরিক্ত মানুষের জটলা। হঠাৎ আমি লক্ষ্য করি মোটা গোঁফওয়ালা একটি হালকা-পাতলা গড়নের লোক, যার গায়ের শার্টটা কোন একসময় সাদা ছিল, কিন্তু এখন এতোটাই ধূলিময় হয়ে উঠেছে যে ওটাকে বেশ মলিন দেখাচ্ছে,  মামার ঠিক পেছনে এসে দাঁড়ালো। তারপর আমার বিস্মিত খোলা চোখের সামনে দু’হাত বাড়িয়ে আমার গলা থেকে দিদিমার দেয়া সোনার চেনটি টেনেছিঁড়ে নিয়ে পেছনের দিকে জোরে দৌড় দিল। আমি চিৎকার করে উঠলাম। “আমার হার নিয়ে গেল। লোকটা আমার হার নিয়ে গেলো।”আমি স্পষ্ট দেখলাম, লোকটা ততক্ষণে দৌড় থামিয়ে একটু দ্রুত হেঁটে জনস্রোতের সঙ্গে মিশে যাচ্ছে। তবু আমি প্রাণপণে চেষ্টা করি মা, দিদিমা, মামাকে দেখাতে, বোঝাতে কোন লোকটা আমার এতো সাধের সোনার হারটা নিয়ে নিলো।“ঐ যে, সাদা ময়লা জামা পরা লোকটা।” কেউ বুঝতে পারে না কাকে ইঙ্গিত করছি আমি। সাদা শার্ট ময়লা হয়ে গেছে এমন কতজনকেই নাকি তারা দেখতে পেলো আশেপাশে— পেছনে। ভরাক্রান্ত মন নিয়ে সকলে ট্রেনের কামড়ায় উঠে বসি আমরা। দিদিমা যাচ্ছে আমাদের সঙ্গে। ক’দিন বেরিয়ে আসবে। ছোটমামা আমাদের গাড়িতে উঠিয়ে দিলে চলে যাবে। ট্রেনের হুইসেল বেজে ওঠে। দিদিমা অঝোরে কাঁদছে তখন। এরকম ঘটনা আগে ঘটলে আরেকটা চেন গড়ে দেয়া যেতো। বুঝি আমার জন্যে সকলেরই কষ্ট হচ্ছে খুব। এমন সময় বাইরে থেকে কামড়ার জানালার কাছে এসে দাঁড়ালো একটি লোক। লোকটি জানতে চায় এই কামড়ায় কোন শিশু কিছু হারিয়েছে কিনা। ততক্ষণে পুরো কামড়ার সকলে জেনে গেছে আমার ঘটনা। সকলে সমস্বরে আমাকে দেখায়। “সোনার হার” বলে চেঁচামেচি করে কেউ কেউ। অভিভাবক কে আছে সঙ্গে জানতে চাইলে ছোটমামা জানালার কাছে সরে আসে। লোকটি ছোটমামার হাতে একদিকে ছেঁড়া একটা সোনার চেন তার মুষ্টিবদ্ধ হাত থেকে সাবধানে হস্তান্তর করে। ট্রেনের ফাইনাল সিগনাল পড়ে যায় ততক্ষণে। ট্রেন দুলে ওঠে। লোকটা কিছু বলার আগেই রেলগাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করে। ছোট মামা হারটা মায়ের হাতে দিয়ে কোনমতে ট্রেন থেকে নেমে পড়ে। পরে আমরা শুনেছি, মামা প্ল্যাটফর্মে নেমে ওই লোকটিকে আর কোথাও খুঁজে পায় নি। আমি কিন্তু স্পষ্ট দেখেছি হার চুরি করেছিল যে লোকটি, তার মতো ময়লা সাদা শার্ট গায়ে ছিল না এই লোকটির যে ছেঁড়া হারটি দিয়ে গেল। এ লোকটি পরেছিল হালকা নীল রঙের একটি শার্ট। নীল শার্টের লোকটির গোঁফ-ও ছিল না স্পষ্ট দেখেছিলাম। ব্যাপারটা কী ঘটেছিল, চুরি করা হার কেমন করে বা কেনই-বা ফেরত দেয়া হলো, কে ফেরত দিল, অন্তরালে ঘটে যাওয়া এসব রহস্যের কোন সমাধান হয়নি কোনদিন। কিন্তু সেই দুপুরে ট্রেনের কামড়ায় নানা ধরনের সম্ভাবনার কথা আলোচিত হয়েছিল। শিশুর কান্নায় দরদী ডাকাত সর্দারের মন গলে যাওয়া থেকে শুরু করে আমার অলৌকিক ক্ষমতা,— সবই নাকি আলোচনায় এসেছিল, পরে শুনেছি মায়ের কাছে। এর বহু বছর পরে একবার এবং তারপরে আরো দীর্ঘ ব্যবধানের পরে আরেকবার ঘটে যাওয়া আরো দু’টি ঘটনাও এমনি চমকপ্রদ। কলেজে যাবার পথে একদিন লক্ষ্য করি বাসে উপবিষ্ট এক লোক তার কোলে রাখা বাদামী রঙের খামের ভেতরে খুব শক্ত করে ঢোকানো বই জাতীয় কিছু একটা বের করার আপ্রাণ চেষ্টা করছে। উল্টো পাশের সিটে বসা আমি হঠাৎ উৎসাহী হয়ে উঠি। কোন কারণ ছাড়া আমার মনে হয়, দারুণভাবে মনে হয়, যে গ্রন্থ বা ক্যাটালগটি এতো কষ্ট করে ভদ্রলোক বের করার চেষ্টা করছেন, সেটা হরগঙ্গাকলেজের বার্ষিক সাহিত্য পত্রিকা হবে। যতদূর শুনেছি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জে। কিন্তু সেই কলেজ বা সেই শহর সম্পর্কে তেমন কিছুই জানি না আমি। কোনদিন সেখানে যাইনি। চট্টগ্রামের মেয়ে আমি। এই শহরের বাইরে কেবল মামাবাড়ি ও দেশের বাড়ি যথাক্রমে নোয়াখালি ও কুমিল্লা বেড়াতে গেছি। তখন পর্যন্ত ঢাকাতেও যাইনি কখনো। হরগঙ্গা কলেজের নামটা শুনেছিলাম জীবনে একবার-ই কুমিল্লায় গিয়ে। ওখানে এক দাঁতের ডাক্তারের কাছে গেলে তিনি কথায় কথায় বলেছিলেন তাঁর  ভগ্নিপতি রেডিওতে গান করেন। আর হরগঙ্গা কলেজে বাংলা পড়ান।আমি একদৃষ্টিতে তাকিয়ে থাকি লোকটির হাতের দিকে। ওটা আসলে কী যেন দেখতেই হবে আমার। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে লোকটি যখন বই বা ক্যাটালগটি অবশেষে টেনে বের করল বাদামী খামের ভেতর থেকে, আমি কম্পিত দেহে, বিস্ফারিত চোখে আবিষ্কার করি সেটি সত্যি সত্যি-ই হরগঙ্গা কলেজের একটি বার্ষিক সাহিত্য পত্রিকা। দুনিয়ায় কোটি কোটি বই, ম্যাগাজিন, ক্যাটালগের যে কোনটির উপস্থিতি হতে পারতো এটি। কিন্তু অন্য কোন কিছু নয়। ঠিক এবং কেবল হরগঙ্গা কলেজের বার্ষিকী-ই হতে হলো একে, যা কোন কারণ বা যুক্তি ছাড়াই প্রবলভাবে আমার মনে এসেছিল। এটাকে কাকতালীয় বলে কেমন করে উড়িয়ে দিই? তৃতীয় অত্যাশ্চর্য ঘটনাটি ঘটে যখন আমার কন্যার বয়স পাঁচ বছর হতে মাত্র কয়েক দিন বাকি। ঘুম পাড়াতে পাড়াতে ওর কাছে জানতে চাই কী চায় সে জন্মদিনে। মেয়ে হঠাৎ করে যা চেয়ে বসে, তা দেওয়া যে আমার সাধ্যের ভেতরে কোনক্রমেই নয়, আমি জানি। স্বামীর পড়াশোনা শেষে সদ্য আমেরিকা থেকে দেশে ফিরে এসে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টায় আছি আমরা। মেয়েকে তার আমেরিকার বন্ধুদের সঙ্গে প্রায়-ই কথা বলতে দিই ফোনে— যাতে একা বোধ না করে, মন খারাপ না হয়। বন্ধুদের কাছেই শুনেছে সে, এবারকার ক্রিসমাসের সবচেয়ে জনপ্রিয় বাচ্চাদের খেলনা হলো, নতুন বাজারজাত ক্যাবেজ প্যাচ কিড বলে এক ধরনের কাপড়ের তৈরি পুতুল। এ পুতুলের বৈশিষ্ট্য হলো, বাচ্চাদের অন্যান্য পুতুলের মতো এগুলো দেখতে খুব সুন্দর বা নিখুঁত নয়। আর প্রতিটি পুতুল চেহারায়, মানে রঙে, চুলে বা চোখ, নাক, মুখের গঠনে দেখতে অন্যটি থেকে কিছুটা হলেও আলাদা। প্রতিটি পুতুলের একটি করে নাম ও সে নামে পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট রয়েছে। এমন হিড়িক পড়েছে ওই পুতুল কেনার যে আমেরিকার কোন দোকানে, কোন বাজারে ওই পুতুল আর পাওয়া যাচ্ছ না আজকাল। এ সব-ই ব্যবসায়ী গিমিক বুঝতে কষ্ট হয় না। কৃত্রিমভাবে জনপ্রিয়তা আকাশচুম্বি করে রাখার জন্যে বাজার অর্থনীতির দেশে ইচ্ছাকৃতভাবে অপ্রতুল জিনিস ছেড়েছে বাজারে চাহিদা ও আগ্রহ যাতে অদম্য গতিতে বেড়ে যায়। তাছাড়া ব্যক্তি-স্বাতন্ত্র্যের সমাজে প্রতিটি পুতুল আলাদা-রকম এই ধারণা ও বাস্তবতাও এই পুতুলকে সাঙ্ঘাতিক আকর্ষণীয় করে তুলেছে। নবেম্বরের শুরুতেই এতো দুর্লভ এটি! ক্রিসমাস আসতে আরো দেড় মাস বাকি। এর পরে তো পাওয়া যাবার কোন সম্ভাবনাই থাকবে না আর! সন্তানের চাওয়া পূরণ করতে ওখানকার হুজুগে মা-বাবারা তাই কেউ ছুটছে জাপান, জার্মানি, কেউ বা যুক্তরাজ্য, ইতালি। বিশ ডলারের পুতুল কিনতে দু’হাজার ডলার পথখরচ। এই রকম যে দুর্লভ পুতুল, আমি কী করে তা এনে দিই মেয়েকে, তার জন্মদিনে? কোন মতেই সম্ভব নয়। তার বাবা তাকে বুঝিয়ে বলে অন্য কিছু চাইতে। সে গোঁ ধরে বসে থাকে। হঠাৎ আমার মধ্যে কী হয়। সব দুশ্চিন্তা কোথায় হঠাৎ উধাও হয়ে যায়। আমি এতটুকু চিন্তা না করে, কোন রকম দ্বিধা না রেখে স্বাভাবিক কণ্ঠে, তবে একটু জোর দিয়ে, মেয়েকে বলি, “ঠিক আছে। এখোনো তো এক সপ্তাহ বাকি আছে জন্মদিনের। তুমি ক্যাবেজ প্যাচ কিড পাবে। নিশ্চয় পাবে।”আমার স্বামী খুব রাগ করে আমার ওপর। মেয়েকে এমন করে ঝাড়া মিথ্যে প্রবোধ দেওয়ায়।  আমি কিন্তু শুধু কথার কথা নয়, খুব সুস্থিরভাবে ভেবেই বলেছি কথাটা। কোথা থেকে মনের ভেতর দৃঢ় বিশ্বাস জন্মেছে, এতো করে চাইছে যে পুতুল তা যে করে হোক আমি পাবই তার জন্মদিনের জন্যে। কিন্তু একবার-ও ভেবে দেখি না কেমন করে সেটা সম্ভব হবে। আশ্চর্যের বিষয়, ওর জন্মদিনের ঠিক দু’দিন আগে আমাদের বাসায় বেড়াতে আসে ভিয়েনা থেকে আমাদের এক পুরনো বন্ধু। তার আসার কথা আগে থেকেই ঠিক ছিল। ব্যাগ খুলে কন্যার জন্যে আনা গিফট আমার হাতে তুলে দিলে অত্যাশ্চার্য আমি লক্ষ্য করি,  ওটা আর কিছু নয়।  একটি ক্যাবেজ প্যাচ কীড পুতুল। পুতুলটির নাম ক্যাসেন্ড্রা বানি। আমেরিকান পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট সঙ্গে। আমাদের সেই বন্ধু ভিয়েনা থেকে আসার পথে লন্ডন হয়ে এসেছে। বিমানের জটিলতায় এই ঘুরে আসা। লন্ডনে গিয়ে এই পুতুলের জনপ্রিয়তা দেখে অতি কষ্টে একটা জোগাড় করে এনেছে আমাদের কন্যার জন্যে। ভিয়েনার অন্যান্য বাচ্চারা যেমন, আমাদের বন্ধুর সন্তানরাও এই পুতুলের অস্তিত্ব সম্পর্কে তেমন কিছু জানে না। জানলেও এর জন্যে বায়না করে না তারা। মায়ের সঙ্গে ঘুরে ঘুরে অন্য আরো কত কিছু কিনছে তারা আসন্ন শীতকালীন পার্বণের জন্যে!  ক্যাবেজ প্যাচ কিডের দরকার হয় না তাদের।তিন তিন বার আমার জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটায় শুধু আমিই বিস্মিত ও শিহরিত হই না। স্বামীসহ বাড়ির সকলে, এমনকি বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীরাও কেমন সমীহের চোখে দেখতে শুরু করে আমায়। তাদের কথাবার্তা, চাউনি থেকে বুঝি, আমাকে সাধারণ বা স্বাভাবিক একজন মানুষ হিসেবে নয়, বিশেষ ক্ষমতার অধিকারী, বাড়তি শক্তিধারী একজন ব্যক্তি বলে সকলে শনাক্ত করতে চাইছে। এক সন্ধ্যায় আমার আদরের ননদিনী তার আট মাস গর্ভের বিশাল ভুঁড়ি নিয়ে আমাদের শোবার ঘরে আসে। ঘরে তখন আমি একাই ছিলাম। সে ঘরে ঢুকে ভেতর থেকে দরোজা বন্ধ করে দিয়ে আমাকে টানতে টানতে এনে খাটের ওপরে নিয়ে বসায়। ওর কথামতো আরাম করে হাতপা তুলে খাটের মাঝখানে এসে বসলে ননদ পারুল আমাকে অনুরোধ করে, প্রথমে মনটাকে— সারাদিনে চতুর্দিকে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত চিন্তাগুলোকে একত্রে সংহত করে আনার চেষ্টা করতে। তারপরে সে আমাকে শান্ত মাথায় গভীরভাবে খুঁজে দেখতে বলে, জানাতে বলে তাকে, তার ছেলে না মেয়ে হবে। চারদিকে বড় বড় বালিশ দিয়ে আমাকে খাটের মাঝখানে আরাম করে বসিয়ে পারুল লাইট নিভিয়ে, সিলিং পাখাটা চালিয়ে দিয়ে আস্তে দরজা ভেজিয়ে বেরিয়ে যায়। নিস্তব্ধ অন্ধকার ঘরে একা বসে বসে আমি চোখ বুজে গভীরভাবে কিছু ভাবার ও বোঝার চেষ্টা করি। সেই শুরু।হঠাৎ একসময় মনে হয় জগৎজোড়া  বিস্তৃত উজ্জ্বল আলোর ভেতর কোথা থেকে যেন একটি কন্যা-শিশুর তীক্ষ্ম কান্নার আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই ফ্রক পরা শিশু-কন্যাটিকেও দেখতে পাই আমি। তার একটানা কান্না শুনতে পাই। পারুলকে ডেকে বলি, তোমার মেয়ে হবে। শুনে সে খুব খুশি হয়েছে, মনে হলো না। কিন্তু মাসাধিক কাল পরে সে এক সুস্থ কন্যা সন্তানের জননী হয়। আর চারদিক থেকে আমাকে ধন্য ধন্য করতে থাকে লোকজন।এদিকে আমার ছোট ভাই একটি বড় কোম্পানিতে উঁচু পর্যায়ের এক চাকরির আশায় বসে থেকে হাতে পাওয়া একটি মোটামুটি ভালো চাকরি গ্রহণের ব্যাপারে যখন প্রকৃতই অবহেলা করতে শুরু করে, মা-বাবার অনুরোধে আমি মনপ্রাণ একত্রিত করে আরেকবার চোখ বুঁজে কিছু দেখতে, বুঝতে চেষ্টা করি।  আমি দেখি, উজ্জ্বল আলোয় চারদিক উদ্ভাসিত চরাচরে বসে আছি আমি একলা। হঠাৎ স্পষ্ট দেখতে পাই আমার পাশে দাঁড়ানো সেই ভাই। দেখি, ভাইটির হাত থেকে তার অতি শখের কারুকার্যময় ডিম্বাকার খেলার বস্তুটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙ্গে গেল। আমি বুঝি, ওর ঐ স্বপ্নের চাকরিটি আর হলো না। তাকে ডেকে সেকথা জানালে সে তখন হাতের চাকরিটি না খুয়ে সেখানেই যোগদান করে। ঠিক এক সপ্তাহ পরে চিঠি পায়, আসলেই তার সেই সাধের আর প্রত্যাশার কাজটি হয়নি তার। কোম্পানি ঐ পদে অন্য লোক নিয়ে নিয়েছে ইতোমধ্যেই।সবচেয়ে বড় যে ঘটনা আমাকে সকলের কাছে অসামান্য ক্ষমতাময়ী ও অলৌকিক শক্তির অধিকারী করে তোলে সেটি আমার পিতার জীবনরক্ষা-সংক্রান্ত। বাবা এসেছিল বেড়াতে আমাদের বাসায়। মাত্র দু’দিনের জন্যে। সেদিন বিকেলে তার বাড়ি ফেরার কথা। আমার স্বামী, কন্যা, শাশুড়ি সকলের কাছ থেকেই বিদায় নিয়ে নিয়েছে বাবা। ছোট ব্যাগটা হাতে নিয়ে সবশেষে আসে আমার কাছে। তাকে অবাক করে দিয়ে আমি বলে বসি, “তুমি তো আজ যেতে পারবে না বাবা।”“সে কী রে! আমাকে যে যেতেই হবে।”আমি বলি, “না, আজ তুমি যাও এতে আমার মন একেবারে সায় দিচ্ছে না। তাছাড়া আজ আমি ঘরে চিকেন-কর্ণ স্যুপ বানাবো। তুমি খুব ভালোবাসো ওটা। আজ বিকেলের আগে ফ্রেশ কর্ন পাওয়া যাচ্ছিল না বাজারে। তুমি কাল সকালে যেও। কিছু বলবো না আমি।” এমন করে আর কখনো বলি না বলে বাবা থেকে যায়। সেই রাতে যেই বিশেষ লঞ্চে করে বাবার ঘরে ফেরার কথা ছিল সেটি সকল যাত্রী নিয়ে অজ্ঞাত কারণে মাঝ নদীতে ডুবে যায়। খবরের কাগজে, রেডিওতে, টেলিভিশনে সে খবর দেখেছিলাম সকলে। সভয়ে। আমার লোকাতীত ক্ষমতার ব্যাপারে যাদের আস্থা কম ছিল, এর পর কোন সন্দেহ থাকেনি আর।  আমি যতো-ই এসব ব্যাপারে জড়াতে না চাই, যত-ই সকলকে বলি কোন অপার্থিব শক্তি গুণ নয়, অন্য সকলের মতোই কেবল পারিপার্শ্বিক বিষয়ে সাধারণ জ্ঞান, সাধারণ ধারণা রয়েছে আমার, ততই লোকের বিশ্বাস আরো ঘনীভূত হয়, আরো বেশি জোরাজুরি শুরু করে তার। ধীরে ধীরে এরকম হয় যে আরো কিছু বিষয়ে আমার কথা, আমার আশ্বাস বা পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যেতে থাকে। ফলে আমার ভবিষ্যদ্বাণী শিরোধার্য করে আমাকে এক রকম দেবীর আসনে বসাতে শুরু করে সবাই। কিন্তু গোলমালটা প্রথম দেখা দেয় পাশের বাড়ির অনিল মিত্রের কঠিন অসুখকে কেন্দ্র করে। তার কণ্ঠনালির  ডান পাশে, বুকের একেবারে ওপরে, ঘাড়ের নিচে একটি টিউমার বা গুটুলির মতো কী হয়ে তা দ্রুত বড় হতে শুরু করে। প্রথম প্রথম ব্যথা না হলেও পরে ব্যথাও হয় একটু একটু। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গেলে নানা পরীক্ষা করে বিশেষ করে বায়োপ্সি করে জানা গেলো ওটা এক ধরনের মারাত্মক ক্যান্সার— লিম্ফ নোডে। নাম ননহজকিন্স লিম্ফোমা। ইতোমধ্যেই নানা জায়গায় ছড়িয়ে গেছে। ফলে ডাক্তাররা এখানেই বা বাইরে কোথাও দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দেন। যে পর্যায়ে চলে গেছে অসুখ, তাতে সার্জারি আর করা যাবে না। কিমো-ই দিতে হবে। চিকিৎসা করলে সে ভালো হবে কিনা বলা যায় না। অথচ সিঙ্গাপুর, ব্যাঙ্কক দূরে থাক, নিকটবর্তী নাম করা ক্যান্সার হাসপাতাল মুম্বাইয়ের  টাটাতে নিয়ে চিকিৎসা করাতে চাইলেও আড়াই কাঠা জমিসহ অনিলদের এই বসতবাড়িটা বিক্রি করতেই হবে। এছাড়া কোন সঞ্চয় নেই তাদের। তবে বাড়ি বেচে চিকিৎসা করার পরে যদি অনিল না বাঁচে চিকিৎসা শেষে পুরো পরিবার আক্ষরিক অর্থেই পথে বসবে। তবে অনিল ভালো হয়ে গেলে এখনো তার দশ বছরের ওপর চাকরির মেয়াদ রয়েছে। আর কর্মস্থলে তার খুব-ই সুনাম। ফলে বেঁচে থাকলে বাড়ি না-থাকলেও চাকরি করে বাসা ভাড়া নিয়ে খেয়েপরে চলে যাবে একরকম, তেমন কষ্ট না করেও। অনিলের স্ত্রী ছুটে এসেছে আমার কাছে জানতে মুম্বাই গিয়ে চিকিৎসা করলে অনিলের আরোগ্য হবে কি হবে না। যদি না হয়, তাহলে আর বাড়ি-জমি বিক্রি করে সর্বস্বান্ত হবার কোন মানে হয় না। এখানেই টুকটাক চিকিৎসা করানো হবে। অনিলের স্ত্রীকে একটু বেশি হিসেবী মনে হয় সন্দেহ নেই। কিন্তু সম্পদ যখন সীমিত, অথচ তার ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা যখন বেশি, দক্ষ কারিগরের মতোই সূক্ষ্মভাবে তার ব্যবহার ও বিলিব্যবস্থা নিশ্চিত করতে হয় বৈকি, যাতে সম্ভবপর বৃহত্তর কল্যাণে এই সামান্য সম্পদকে কাজে লাগানো যায়। কিন্তু সেই সঙ্গে খেয়াল রাখতে হয়, ব্যক্তি স্বার্থ যেন পুরোপুরি অস্বীকার করা না হয়।অনিলের স্ত্রী তো প্রশ্ন করেই খালাস। কিন্তু এবার সত্যি সত্যি এক কঠিন সমস্যার মুখোমুখি হই আমি। এখানে শুধু অনিল নয়, অনেকগুলো মানুষের বাঁচামরার প্রশ্ন জড়িয়ে আছে। আমি নিজের ঘরের খাটের ওপর অন্ধকারে জোড়াসন কেটে বসে দুই চোখ বন্ধ করে শূন্যের ভেতর উত্তর খুঁজে বেড়াই। কোন জবাব মেলে না। সারাদিন ধরে যখন তখন ঘরের দরজা বন্ধ করে অথবা চিলেকোঠার ঘরের নির্জনতায় বসে বসে জানতে চাই সঠিক উত্তর। অনিলদের গোটা পরিবারের মঙ্গলের জন্যে কী করা ঠিক হবে। কিন্তু কোন উজ্জ্বল আলো বা অলৌকিক প্রাণি আবির্ভূত হয় না। কোন অশরীরী কণ্ঠস্বর-ও ভেসে আসে না। আমি একসময় ক্লান্ত হয়ে অনিলের বউকে ডেকে বলি, অনিল বাঁচবে না। ফলে বসতবাড়ি-জমি বিক্রি করে চিকিৎসা করাতে গিয়ে সকলে মিলে পথে দাঁড়াবার কোন মানে হয় না। তার চেয়ে স্থানীয়ভাবে সাধ্যমতো কিছু চিকিৎসা নেওয়াই যুক্তিসঙ্গত।সব শুনে অনিল ও তার স্ত্রী-ও একমত পোষণ করে। স্থানীয় ডাক্তাররা তো আগেই সময় বেঁধে দিয়েছেন।  বড়জোর ৬ মাস থেকে এক বছর বাঁচবে অনিল। চিকিৎসা করা না করায় আয়ুর খুব তারতম্য ঘটার সম্ভাবনা নেই।  আমার কথা জানাজানি হলে কান্নাকাটির রোল পড়ে যায় মিত্তিরবাড়িতে। অনিলের ছেলেমেয়ে দুজনেই বড় হয়েছে। কলেজে পড়ে। ওরা কিন্তু এতো সহজে ছেড়ে দেবার পাত্র নয়। দুজনে মিলে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করে, যে যা-ই বলুক, তারা আপাতত পড়াশোনা ছেড়ে দিয়ে টুইশনি করবে। তারপরও বাবাকে এভাবে সর্বাত্মক চেষ্টা না করে মরে যেতে দেবে না। মুম্বাইয়ের টাটা হাসপাতালেই  নিয়ে যাবে তারা তাকে। তারপর সেখানেই চিকিৎসা করাবে, প্রয়োজনে বাড়ি বিক্রি করেই। আর সম্ভব হলে বাড়ির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ধার করে। যেমন ভাবনা তেমন কাজ।  প্রথমবার যাওয়া বলে ছেলেমেয়ে, মা-বাবা সকলেই যায় সেখানে। কোন জরুরি সিদ্ধান্তের ব্যাপার থাকতে পারে। কিন্তু ছয় দিনের মাথাতেই অনিল মিত্র ছেলেমেয়ের কাঁধে ভর করে মোম্বাই থেকে ঘরে ফিরে আসে। পেছনে পেছনে পান চিবোত চিবোতে, একটা বড় কাপড়ের ব্যাগ হাতে নিয়ে। স্ত্রী। জানা যায়, এখানে রোগ ধরতে ভুল করেছিল প্যাথলজিক্যাল ল্যাব ও ডাক্তাররা। বায়োপ্সি স্লাইড ঠিকমতো পড়তে পারেনি তারা। স্লাইডের মান-ও ছিল অত্যন্ত নিম্নের। ওখানে আবার পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসলে এটা কোন লিম্ফোমা বা ক্যান্সারই নয়। লিম্ফ নোডে যক্ষ্মা হয়েছে অনিলের, আর শরীরের বিভিন্ন লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে সেই সংক্রমণ। কিন্তু ভয়ের তেমন কিছু নেই। এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য ব্যাধি। নয় মাস যক্ষার চিকিৎসা করলেই পূর্ণ আরোগ্য লাভ করবে অনিল। আর সেই চিকিৎসা ঘরে বসেই করতে পারবে। নামেমাত্র খরচে, যেহেতু যক্ষার ওষুধ প্রায় বিনাপয়সায় পাওয়া যায় সরকারী-বেসরকারী উভয় প্রতিষ্ঠান থেকেই; যক্ষার ওপর চলমান বিশেষ স্বাস্থ্য প্রকল্পের অধীনে। নিজের বাড়িতে ঢোকার আগে অনিল মিত্র একবার আমাদের বাসায় উঁকি দেয়। আমি বাইরের ঘরে বসে টেলিভিশন দেখছিলাম। সদর দরজার পর্দা ফাঁক করে বারান্দা থেকে কেবল মুখটা ভেতরে ঢুকিয়ে আমার চোখে চোখ রেখে অনিল বলে, “মস্ত বড় সাঁইবাবা হইয়া গেছ তাই না? বিনা চিকিৎসায় আমারে মাইরা ফেলার তালে আছিলা। এই তোমার দিব্যজ্ঞান— এই তোমার ক্ষমতা! আমি তো মইরাই যাইতাছি, চিকিৎসায় খরচ কইর‌্যা আর লাভ কী, তাই না? ছিঃ!”আমার কিছু বলবার ছিল না। মাথাটা বুকের দিকে ঝুলে পড়তে চায়। আমি কিছুতেই অনিল মিত্তিরের মুখের দিকে তাকাতে পারি না। নিজেকে দাগী আসামীর মতো মনে হয়। সে ততক্ষণে আমাদের বারান্দা ছেড়ে সদর রাস্তায় নেমে গিয়ে থু থু শব্দ করে সত্যি সত্যি থুতু ফেলছে পাকা রাস্তার সিমেন্টের ওপরে। তার আগে অবশ্য একটু খুক খুক করে কাশির দমক এসেছিল।সেদিন সন্ধ্যাবেলায় আমি খাটের মধ্যখানে এসে আবার জোড়াসন কেটে বসি। দু’চোখ বন্ধ করে দৃষ্টির বাইরে কিছু দেখা, কিছ বোঝার জন্যে গভীরভাবে আত্মনিমগ্ন হতে চেষ্টা করি। আমি জানতে চাই, বুঝতে চাই, আসলেই আমার মনের ভেতর মাঝে মাঝে খুব দৃঢ়ভাবে যে কথা বলে ওঠে কেউ, অথবা অতি উজ্জ্বল আলোতে নিমীলিত চোখের কোনায় কোন বিশেষ দৃশ্য যে মাঝে মাঝে ঝিলিক দিয়ে ভেসে ওঠে, তার কোন ভিত্তি, কোন অর্থ আছে কিনা। আমি কোন উত্তর খুঁজে পাই না। তবে বুঝি, এতোদিন ধরে যেসব ভবিষ্যদ্বাণী করেছিলাম, তার প্রায় সবগুলোই ছিল দুটোর ভেতর যে কোন একটি ঘটার সম্ভাবনার ব্যাপার, ছেলে হবে না মেয়ে হবে, চাকরিটা পাবে কি পাবে না, আজ যাবে কি কাল যাবে, পরীক্ষায় পাস করবে কি করবে না,  হারিয়ে যাওয়া ছেলেটি ফিরে আসবে কি আসবে না ইত্যাদি। কিন্তু অনিলের ব্যাপারটায়, আমি বুঝি এখন, যা আগে বুঝিনি, দুটোর চাইতে বেশি সম্ভাবনা খোলা ছিল। আমি শুধু দেখার চেষ্টা করেছিলাম যেহেতু লিম্ফ নোডের ক্যান্সার শরীরময় ছড়িয়ে পড়েছে অনিলের; এখন সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে না উঠবে না। কিন্তু এখানে আরো দুটো সম্ভাবনা যে লুকিয়ে ছিল সেটা চিন্তায় বা হিসেবে যেমন আনা হয়নি, আমাকে বলার সময় ব্যাপারটা সেভাবে উপস্থাপনও করা হয়নি। সেটা হলো, অনিলের আদৌ ক্যান্সার হয়েছে কি হয়নি। ফলে এই বিশেষ ক্ষেত্রে দুটো নয়, চারটি সম্ভাবনা খোলা ছিল: অনিলের আদৌ ক্যন্সার হয়েছে কি হয়নি; হয়ে থাকলে চিকিৎসা নিলে সে আরোগ্যলাভ করবে কি করবে না। ত্রুটিপূর্ণভাবে পরিস্থিতি উপস্থাপন করাতেই কি আমি সর্বাংশে ভুল প্রমাণিত হলাম? আমি জানি না। তাড়াহুড়া করে সিদ্ধান্তে না পৌঁছলে কি ব্যাপারটা ভিন্ন কিছু হতো? তাই বা কে জানে? বে’স থিওরামের কথা মনে পড়ে। কোন বিষয়ে প্রাথমিক যে সম্ভাবনা, তাকে বাড়িয়ে দিতে পারে সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোন প্রতিষ্ঠিত সত্য, জ্ঞান বা বাস্তবতা। ক্যান্সার রোগ নির্ণয়ে আমাদের দেশের ডাক্তারদের ত্রুটি এর আগেও কয়েকবার কানে এসেছে, এটা অস্বীকার করার উপায় নেই।এ ঘটনার বছর খানেকের ভেতর টের পেলাম, শুধু অনিল মিত্রের ব্যাপারেই নয়, আরো দু’একটা বিষয়েও আমার ভবষ্যদ্বাণীতে আংশিক বা পুরো ভুল দেখা দিয়েছে, যদিও অন্যন্য বিষয়ে— অধিকাংশ ক্ষেত্রেই আমার কথা অক্ষরে অক্ষরে ফলেছে, সেটা সত্য। এই ঘটনার কিছু কাল পরে আমাদের সেই ভিয়েনার বন্ধু ভিয়েনা থেকে তার এক আশ্চর্য অভিজ্ঞতার কথা লিখে জানায়। সেই মেইলে লেখে:“আজ এক অবিস্মরণীয় ও অস্বাভাবিক অভিজ্ঞতা হলো। আমি আজ সকালে ম্যাকডোনাল্ডস-এর ড্রাইভ-ইনে গাড়িতে বসেই কফি ও মাফিন অর্ডার করে ধীরে ধীরে ড্রাইভ করে যেই ক্যাশিয়ারের জানালার কাছে এসে দাঁড়িয়েছি টাকা দেবার জন্যে, হঠাৎ টের পাই  ভুলে মানিব্যাগটা বাড়িতে ফেলে রেখে এসেছি। তার মানে সঙ্গে ড্রাইভার্স লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছি এতোক্ষণ ধরে। শুধু তাই নয়। এখন কফি ও মাফিনের পয়সাও দিতে পারবো না। ক্যাশিয়ার মেয়েটিকে লজ্জার মাথা খেয়ে বলতে প্রস্তুত হই, দুঃখিত কফি-মাফিন নিতে পারছি না, কেননা, সঙ্গে ওয়ালেট আনিনি। কথাটা বলার জন্যে যেই জানালার কাঁচ নামিয়েছি, আমি কথা বলার আগেই মেয়েটি হেসে বলে ওঠে, “কি জানো! প্লেজেন্ট সারপ্রাইজ। তোমার আগের ঐ নীল গাড়িটার বৃদ্ধ ভদ্রলোক তোমার অর্ডারের জন্যে অগ্রিম টাকা দিয়ে গেছে। অর্থাৎ তোমার অর্ডার অলরেডি পেইড আপ।” আমি তো রীতিমতো ঘামছি তখন। অপরিচিত কারো বিল কেউ  আগেভাগে  শোধ করে দিয়েছে, এ যেমন কখনো শুনিনি, এমন দিনেই সে সেটা করলো, যেদিন ওয়ালেট সঙ্গে আনতে ভুলে গেছি, কোন টাকাপয়সা নেই সঙ্গে আমার। অদ্ভুত পড়-রহপরফবহপব. কোনমতে ক্যাশিয়ার মেয়েটির কাছে জানতে চাই, লোকটি ঠিক কী বলেছে? কার বিল দিয়ে দিতে চেয়েছে সে?  কোন ভুল বোঝাবুঝি হচ্ছে না তো এখানে? মেয়েটি হেসে বলে, “লোকটি বলল, আমার ঠিক পেছনে যে গাড়ি আসবে তার বিলটা আমি দিয়ে দিতে চাই।”  আমি আবার জিজ্ঞেস করি, কী করে জানবে সে আমি কতো টাকার জিনিস কিনবো? কীভাবে আন্দাজ করে সেই টাকা দিল ভদ্রলোক! মেয়েটি হেসে বলে, “সে ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে সেখানে চার্জ করতে বলে গেছে, বিল তোমার যা-ই হোক না কেন কোন লিমিট বলে দেয়নি সে।”চিঠির শেষে ভিয়েনার বন্ধু জানতে চেয়েছে, সে-ও আমার মতো কোন অলৌকিক শক্তি অর্জন করতে চলেছে কিনা। তেমন কোন সম্ভাবনা আছে কি না। এই ঘটনা কি তার-ই আলামত? আমি কি তেমন কোন ইঙ্গিত পাচ্ছি?আমি সঙ্গে সঙ্গে উত্তর লিখি, “না। ওসব কিছু নয়। ড্রাইভ-ইনে তোমার আগের গাড়ির সেই অপরিচিত লোকটি হয় কোন ধর্মবিশ্বাস থেকে না হয় পৃথিবীর একটি মানুষ আরেকটি মানুষের জন্যে, হোক সে অপরিচিত, নেহায়েত একটি ছোট্ট ভালো কাজ করার কথা ভেবে এটি করেছে। ভেবে দেখ, কারো প্রতি কোনরকম সন্দেহ বা আশঙ্কা না-থাকা সত্ত্বেও জীবনে কতবার মানুষের কাছে ঠকেছি আমরা। আবার কখনো না-চাইতেই, অথবা অন্য তরফ থেকে কোন দায়বদ্ধতা না-থাকা সত্ত্বেও কারো কারো কাছ থেকে আশাতীতভাবে  কতো পেয়েছি। তুমি, আমি আমরা সকলে সেসব অভিজ্ঞতার ভেতর দিয়ে অনবরতই যাই। কিন্তু নিয়ত সেসব ভুলে যাই। মনে রাখি না।  মনে থাকে শুধু দু-একটা অতি নাটকীয় ঘটনার কথা, যা জীবনভর কোটি কোটি অভিজ্ঞতার ভেতর হয়তো সংখ্যায় মাত্র একটি, দু’টি বা তিনটি। ফলে আজ যে অভিনব অভিজ্ঞতা হলো তোমার, এটাকে একটি প্লেজেন্ট সারপ্রাইজ (যেমনটি বলেছিল ক্যাশিয়ার মেয়েটি) হিসেবে— একটি বিচ্ছিন্ন ও অভিনব ঘটনা হিসেবেই কেবল দেখার চেষ্টা করো। ওর মধ্যে আর কিছু অর্থ খুঁজো না। ওটা আর কিছু নয়। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো?  “ওটা আর কিছু নয়”, এই কথাটি জোর দিয়ে বলতেও আজ কোথায় যেন বাধছে আমার। ব্যাপারটা হলো, ওটা হয় কিছু, নয় কিছু নয়। দু’টির মধ্যে একটি সত্য হতে বাধ্য;  মানে, যেটাই উত্তর কর না কেন, সম্ভাবনা ৫০%।  তারপরেও আমি জানি না, বলতে পারবো না, আমি যে ভাবলাম, ওটা কিছু নয়, সেটা আসলেই কোন কিছু নয় কিনা। নাকি আসলেই কোন কিছু! কারণ আমি আর কিছুই আগে থেকে দেখতে পাই না। ভাবতে পারি না। বলতে পারি না। পঞ্চাশ ভাগ নিশ্চিন্ত হওয়া সত্ত্বেও। অথচ আমি এক সময় প্রায় ভাবতে শুরু করেছিলাম (তুমিও জানো সে কথা), আমি পারি। লোকে বিশ্বাস করতো সে ক্ষমতা আমার রয়েছে। আর তাদের এই দৃঢ় বিশ্বাস আমাকে অসীম শক্তিশালী বানিয়ে দিয়েছিল।ফলে প্রকৃত সত্য হলো বন্ধু, কোনো কিছু সম্পর্কে আমরা জানতে পারি, বুঝতে পারি, দেখতে পারি কেবল তখনই, যখন সেটা ইতোমধ্যেই ঘটে গেছে, বা যা ঘটে চলেছে চোখের সামনে। বাকিসকল ভাবনাই অতীতের ছায়া মাত্র। ফলে বর্তমানের জ্ঞান আর অনুভব, অতীতের অভিজ্ঞতা ও স্মৃতি এবং  ভবিষ্যতের অনিশ্চিয়তা আর সম্ভাবনা— এই সব কিছুনিয়েই  জীবন— আমাদের ধারণা, আশা, আকাঙ্ক্ষা, আশঙ্কা, স্বপ্ন, দুশ্চিন্তা,— সকল ভাবনা।অথচ কী আশ্চর্য দেখ, মেয়েটিকে আমি কথা দিয়েছিলাম সে তার পাঁচ বছরের জন্মদিনে তার অতি সাধের ক্যাবেজ প্যাচ পুতুল পাবেই। কিন্তু কার্যত আমার তো কোনো উপায়-ই ছিল না এ প্রতিশ্রুতি পূরণ করার। আর তখনো পর্যন্ত তুমিও কেনোনি সেটা।  কেনার কথা ভাবোনি পর্যন্ত। তোমার তো ধারণাও ছিল না, কী অসীম প্রতীক্ষায় বসে আছে এক্যটি ছোট্ট মেয়ে ওরকম একটি পুতুলের অপেক্ষায়। সবচেয়ে বড় কথা, প্রাথমিকভাবে তোমার তো লন্ডন হয়ে আসার কথাও  ছিল না। ভিয়েনা থেকে সরাসরি আসার যে টিকেট কেটেছিলে সেভাবেই যদি তোমার আসা হতো,  মেয়েটি তার ক্যবেজ প্যাচ ডল পেতো কোথায়? আর তাই বুঝি এয়ারলাইন্স নিজেই শেষ মুহূর্তে কী সব ঝামেলায় জড়িয়ে যাত্রাপথ পাল্টালো। তোমার পরিবর্তিত যাত্রাপথে লন্ডন হয়ে আসা সাব্যস্ত হলো। পথে একদিনের স্টপ ওভার পেলে লন্ডনে। এই বিশেষ ডলটির ব্যাপারে লোকের অসীম আগ্রহ টের পেলে সেখানে। অবাক হলে। এবং ডলটা কিনলে।  তুমি কি তাহলে বলবে,  আর আমিও কি ভাববো, ঐ ক্যাবেজ প্যাচ কিড পুতুলের জন্যেই বিলাত হয়ে আসা তোমার? তোমার কী মনে হয়? যান্ত্রিক গোলযোগ থেকে শুরু করে সময়মতো প্লেন এসে না পৌঁছনো, এমন কত রকম কারণে প্রতিদিন কতো প্লেনের যাত্রাপথ, সময়সূচি পাল্টাচ্ছে। অধিকাংশ সময়-ই এবং বেশিরভাগ যাত্রীর জন্যেই সেটা সামান্য বিরক্তিকর অভিজ্ঞতার বেশি কিছু নয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই অতি সামান্য পরিবর্তন অনেক বড় তারতম্য ঘটাতে পারে— নিজের বা তার জগতের আর কারোর জীবনে।  সে সম্ভাবনা যত ক্ষুদ্র-ই হোক, ঘটতে তো পারেই।  এবং ঘটেও। তাই না? কী বল!”

পূরবী বসুর গল্প