সংবাদ
সংবাদ

ধারাবাহিক উপন্যাস ২২

গোমতীকন্যা

মহিবুল আলম
মহিবুল আলম
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

গোমতীকন্যা
শিল্পী : সঞ্জয় দে রিপন

দ্বিতীয় পর্ব: মমিনার জীবন 

(পূর্ব প্রকাশের পর) 

বারো.

মা মারা যাবার পর বছরখানেক ধরে খুব কম বাড়িতে এলেও গত নয়-দশ মাস ধরে আনিস প্রায় প্রতিমাসেই বাড়ি আসছিল। উপজেলা সদরের পাকা রাস্তা থেকে তাদের গ্রামের দিকে কাঁচা রাস্তাটা হওয়ার পরই তার বাড়ি আসাটা বেড়ে গিয়েছিল। বিশেষ করে সুদিনে। সুদিনের কোনো কোনো মাসে সে দু’বার করেও এসেছে। এবারই সে প্রায় দু’মাস পর বাড়ি আসছে। বাড়িতে তার যে খুব একটা কাজ আছে, তা নয়। তার সমস্ত জমিতে ধানগাছ জোয়ারের জলের সঙ্গে মাথা উঁচু করে বাড়ছে। ফলন পেতে সেই অগ্রহায়ণ মাস পর্যন্ত অপেক্ষা। অগ্রহায়ণ মাসে সে খুব ব্যস্ত থাকবে। এখন তার বাড়িতে আসা বা না-আসা সমান কথা। কিন্তু তারপরও সে আজ বাড়ি আসছে। এর পেছনে অবশ্য তিনটি কারণ আছে। গত কয়েক দিন ধরে মনসুর পাগলা তাকে বারবার ফোন করছে। কী জরুরি কথা আছে, ফোনে নাকি বলা যাবে না। দ্বিতীয় কারণটি তার কবিতা বিষয়ক। নদী বিষয়ক একটি সিরিজ কবিতা মাথায় ঘুরছে। সে গোমতী নদীতে নৌকা ভাসিয়ে কবিতাগুলো লিখতে চাচ্ছে। তৃতীয় কারণটা অবশ্য খুবই বিরক্তিকর। ঢাকায় শবনম শিউলি একেবারে তার পিছু ছাড়ছে না। একবার তার হাত ধরেও টান দিয়ে ফেলেছে। তার যে নারীর শরীর টানে না, তা নয়। শবনম শিউলির শরীরও টানে। কিন্তু সে কোনো বিবাহিত নারীর সঙ্গে আর সম্পর্ক জড়াতে চায় না। সে যতটুকু পারছে শবনম শিউলিকে এড়িয়ে চলার চেষ্টা করছে। তবে বাসায় সমস্যা যেটা হয়েছে, তাকে তার চিলেকোঠা থেকে নামতে হলে ছয়তলা দিয়েই নামতে হয়। সে যতই এড়িয়ে চলার চেষ্টা করুক কোনো না কোনোভাবে তাদের দেখা হয়ে যাচ্ছে।

আনিস নতুন রাস্তা ধরে একটু জোরেই মোটর সাইকেলটা চালাচ্ছে। কাঁচা রাস্তা হলেও এখন রাস্তার উপরিভাগ সমতল হয়ে গেছে। সে এরই মধ্যে অনুতপুর ছেড়ে মীরবহরি বাজারের কাছাকাছি চলে এসেছে। আগে যেমন বর্ষার মওসুমে আঁধারিয়া, মোল্লাকান্দি, মীরবহরি বা আরও পুবে কদমতলী-মনোহরপুর পর্যন্ত নৌকা ছাড়া কোনো গতি ছিল না, এখন তেমনটা নয়। এখন সরাসরি উপজেলার পাকা সড়ক থেকে নতুন রাস্তা ধরে এদিকের গ্রামগুলোতে চলে আসা যায়। আনিসেরও ঢাকা শহর থেকে মোটর সাইকেলে করে আসতে কোনো সমস্যা হয় না। সুদিনে নতুন রাস্তা থেকে ক্ষেতের আইল ধরে সরাসরি বাড়িতে চলে আসতে পারে। বর্ষার মওসুমে এলে নতুন রাস্তা থেকে বাড়িতে আসতে যা একটু সমস্যা হয়। এই সামান্য পথ মোটর সাইকেলটা নৌকায় করে নিয়ে আসতে হয়। বশির অবশ্য ফোন পেয়ে আগে থেকেই নতুন রাস্তার কাছে নৌকা নিয়ে বসে থাকে।

আজও বশির নতুন রাস্তার কাছে নৌকা নিয়ে বসে আছে। নতুন রাস্তাটা বেশ উঁচু ও প্রশস্ত করে করা হয়েছে। বুইদ্দার বিল ধরে জোয়ারের জলের সঙ্গে উত্তাল গোমতীর ঢল এলেও নতুন রাস্তার অর্ধেক পর্যন্ত ছুঁতে পারে না। এই রাস্তাটা কোনোকালে পাকা করা হলে এ অঞ্চলের প্রতিটি গ্রামের কী যে উন্নতি হবে!

আনিস মোটর সাইকেলটা রাস্তার ওপর থামাতেই বশির নৌকা ছেড়ে উঠে এলো। একটু ব্যস্ত গলায় বলল, ‘ভাইজান, আমারে দেন। আমি মোটর সাইকেলটা নৌকায় তুলি।’

আনিস জিজ্ঞেস করল, ‘তুই পারবি তো?’

বশির বলল, ‘হ হ, কী কন, পারমু না মানে!’— বলেই সে মোটর সাইকেলের হ্যান্ডেল দুই হাতে শক্ত করে ধরে রাস্তা থেকে নামিয়ে নৌকায় তুলতে শুরু করল।

আনিস রাস্তার উপরই দাঁড়িয়ে রইল।

বশির মোটর সাইকেলটা নৌকায় যুত মতো তুলে খাঁড়া করিয়ে বলল, ‘ভাইজান, এইবার আপনে উইঠা যান।’

আনিস মাথা ঝাঁকিয়ে বলল, ‘আচ্ছা।’

নতুন রাস্তা থেকে ভুঁইয়া বাড়ি পর্যন্ত নৌকা চলাচলের পথটা খুব দীর্ঘ নয়, কিন্তু সোজা। ঠিক যেন রমণীর মাথার সিঁথির মতো। গোমতীর ঘোলা জল আর উত্তরের জোয়ারের জল একসঙ্গে হয়ে বুইদ্দার বিলে ফুলেফেঁপে উঠলেও নদীর ঘোলা জলের রঙ জোয়ারের জলের কালি রঙকে ছাপিয়ে যেতে পারেনি। আজ রোদ উঠেছে বেশ। শরতের আকাশ, কিন্তু সাদা মেঘের ভেলা তেমন নেই। আকাশের সর্বত্র নীল আর নীল। স্পষ্ট রোদের কারণেই ধানক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া নৌকার পথটাকে আরও স্পষ্ট হয়ে উঠেছে। কালি দৃষ্টি নিয়ে হাঁ করে তাকিয়ে আছে।

আনিস বুইদ্দার বিলের দিকে দিঘল দৃষ্টি দিয়ে নৌকায় উঠল। নৌকা খানিকটা দুলে উঠলেও সে নিজেকে গলুইর পাটাতনে স্থির করে নিল। সাধারণত নৌকায় উঠলে নিজেকে প্রকৃতির ভেতর টেনে নিতে সামনের গলুইতে পা ছড়িয়ে বসে। কিন্তু আজ সে দাঁড়িয়ে রইল। বশির লগি ঠেলে নৌকা চালাচ্ছে। দু’পাশের ধানগাছের পাতার ঘর্ষণে শব্দ আসছে— সড় সড়, সড় সড়। দু’একটা মাছ জলের ওপর লেজের বাড়ি মেরে চিৎপটাং হয়ে আবার ডুবে যাচ্ছে। নৌকার পথটার কাছাকাছি জমির নিশানা দেওয়া একটা বাঁশের মোটা কঞ্চিতে একটা মাছরাঙা ধ্যানমগ্ন হয়ে বসে আছে। যদিও সে উত্তর দিকে যাচ্ছে, তারপরও এলোমেলো বাতাস তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে।

আনিস দৃষ্টি ঘুরিয়ে বশিরের দিকে তাকাল। বশির শরীর বাঁকিয়ে লগি ঠেলছে আর সামনে কী যেন দেখছে। লগি ঠেলার সময় নৌকার সঙ্গে ঘষা লেগে লগির শব্দ হচ্ছে- কট, ক-য়-ট, কট।

আনিস জিজ্ঞেস করল, ‘বশির, পাগলা কই?’

বশির বলল, ‘জানি না, ভাইজান।’

‘আমি তো ভেবেছিলাম সে নৌকায় করে আসবে।’

‘কাইল দুপুরবেলায় একবার তারে দেখছিলাম। আইজকা দেখি নাই।’

‘কয়দিন ধরে আমাকে ফোনে খুব বিরক্ত করে যাচ্ছে। বারবার বাড়িত আসতে বলছে। তার নাকি কী জরুরি কথা আছে, যেটা সে ফোনে বলতে পারবে না। সামনাসামনি বলবে। তুই কি জানিস কী কথা?’

বশির মাথা নেড়ে বলল, ‘না, ভাইজান।’

আনিস মাথা ঝাঁকাল। বলল, ‘ও!’ বলেই সে দৃষ্টি প্রসারিত করে এদিকওদিক তাকাল। সে যেদিকে তাকাচ্ছে সেদিকেই ধানগাছগুলো একটা আরেকটার সঙ্গে লেগে থেকে সবুজের নৃত্য করছে। ঢেউ খেলানো নৃত্য।

বশির বলল, ‘ভাইজান, হেয় অনেক ভালা হইয়া গেছে।’

আনিস জিজ্ঞেস করল, ‘হেয় কে? পাগলা?’

‘জি, ভাইজান।’

‘কীভাবে বুঝলি?’

‘গেরামে আগের মতো আর পাগলামি করে না। জমিজমা দেখে। আর সবসময় প্যান্টশার্ট পইরা মীরবহরি বাজারে ঘোরে। আরেকটা কাজ করে, খালি বাড়িত যাওয়নের নাম নেয়।’

‘পাগলা বাড়িত যাবে না তো কোথায় যাবে?’

‘কথা ওইটা না।’

‘কথা কোনটা?’

‘হেয় মনে হয় তার চাচতো বইনের প্রেমে পড়ছে।’

‘কোন চাচাতো বোন?’

‘ওই যে, কেরামত আলীর মাইয়া।’

‘তুই কি মমিনার কথা বলছিস?’

‘জে ভাইজান।’

‘তার না বিয়ে হয়ে গেছে?’

‘হেইডা তো হইছে। হের জামাই আবার গরু চুরি কইরা পালাইয়া গেছে।’

‘সেই খবর আমি জানি। মমিনার জামাই কি আর ফিরেনি?’

‘না, ফিরে নাই। হেয় চিটাগাং আরেকটা বিয়া করছে। শুনছি মমিনা হের লাইগা জামাইরে খুঁজতে চিটাগাং পর্যন্ত গেছিল। খুঁইজা পায় নাই।’

‘বলিস কী!

‘হ, ভাইজান।’

‘পাগলা কি তোকে বলেছে সে মমিনার প্রেমে পড়েছে?’

‘না, কয় নাই।’

‘তাহলে তুই জানলি কীভাবে?

‘আন্দাজ কইরা।’

‘আরে ধ্যাৎ, বশির, তুই না!’

‘ভাইজান, আন্দাজ কইরা হইলেও আমি হাছাই কইতাছি।’

‘আচ্ছা, ঠিক আছে। আমি পাগলাকে জিজ্ঞেস করেই জানব।’

নৌকা বাড়ির সামনে এসে ভিড়ল। আনিস দেখল, আরেকটা নৌকা তাদের বাড়ির সামনে একটা আমগাছে বাঁধা। নৌকা দেখেই বুঝতে পারল, এটা মনসুর পাগলার। সে এদিকওদিক তাকাল। দেখল, মনসুর পাগলা তাদের ঘরের দিঘল বারান্দায় দাঁড়িয়ে আছে।

আনিস নৌকা থেকে নামতেই মনসুর পাগলা বারান্দা থেকে নেমে দৌড়ে এসে একটা দিঘল হাসি দিয়ে বলল, ‘আনিস, তুমি আইছ। আমি দূর থাইকা দেখলাম তোমার নাওডা আইতাছে। এর লাইগা নতুন আইলের দিকে আর যাই নাই।’

আনিসও হাসল। বারান্দায় উঠে একটা চেয়ার টেনে বসল। এরই মধ্যে বশির নৌকাটা একটি গাছের সঙ্গে বেঁধে মোটর সাইকেলটা টেনে ওপরে তুলে ফেলেছে। সে সেদিকে তাকিয়ে সামনের প্রশস্ত বিলের দিকে তাকাল। আজ সে দেড় ঘণ্টার মধ্যেই ঢাকা থেকে চলে এসেছে। ঢাকার ভেতর একটু যানজট ছিল। ঢাকা ছাড়তেই সে রাস্তা ফাঁকা পেয়েছে।

আনিস বলল, ‘পাগলা, বস।’

মনসুর পাগলা পাশের একটা চেয়ারে বসল।

আনিস জিজ্ঞেস করল, ‘এখন বল, তোর কী এমন জরুরি কথা যে ফোনে বলতে পারিসনি, আমাকে ঢাকা থেকে আসতে হলো?’

মনসুর পাগলা একটু কাঁচুমাচু করে বলল, ‘আমি বিয়া করমু।’

‘বিয়ে করবি, ভালো কথা। এটা তো ফোনেই বলতে পারতি?’

‘হ, ফোনে কইতে পারতাম। কিন্তুক আমি সাহস পাইতেছিলাম না।’

‘কী সাহস পাচ্ছিলি না?’

‘পস্তাব দেওয়নের।’

‘কাকে প্রস্তাব দিবি?’

‘আর কারে, ছোড কাকারে।’

আনিস একটু চুপ হয়ে গিয়ে জিজ্ঞেস করল, ‘পাগলা, তুই কি তাহলে মমিনার প্রেমে পড়েছিস?’

মনসুর পাগলা চোখ বড় করে পাল্টা জিজ্ঞেস করল, ‘তুমি জানলা ক্যামনে?’

আনিস স্মিত হেসে বলল, ‘পাগলা, আমি তোর সব খবরই রাখি।’

মনসুর পাগলা বলল, ‘আমি জানি। হের লাইগাই তো তোমারে ফোনে আইতে কইছি। তুমি আমারে একটা ব্যবস্থা কইরা দিয়া যাও। তুমি তো জানোই, আমি তোমারে বাদে কিচ্ছু করবার পারি না।’

‘পাগলা, এটা তো কোনো কঠিন কাজ ছিল না। তোরা এক জ্ঞাতিগোষ্ঠীর। কিন্তু সমস্যা যে অন্য জায়গায়।’

‘কোন জায়গায়?’

‘মমিনার না স্বামী আছে?’

‘হ, আছে। হের লাইগা কী হইছে?’

‘তুই তাকে বিয়ে করবি কীভাবে?’

‘মমিনার জামাই তো নয় মাস ধইরা নাই। গরু চুরি কইরা পালাইয়া গেছে গা।’

‘গরু চুরি করে পালিয়ে গেলেও সে মমিনার স্বামী।’

‘হেয় চিটাগাং গিয়া আরেকটা বিয়া করছে।’

‘তারপরও সে মমিনার স্বামী।’

‘তাইলে আমি কী করমু? তুমি একটা ব্যবস্থা কইরা দাও।’

‘আরে পাগলা, আমি কী ব্যবস্থা করব, বল? মমিনার স্বামী না থাকলে বা বিবাহিত না হলে কোনো সমস্যা ছিল না। আমি আজই তোর কেরামত কাকার কাছে তোর জন্য প্রস্তাব নিয়ে যেতাম। আমি তোর জন্য সবকিছু করতে পারি। কিন্তু এটা তো আমার নাগালের বাইরে।’

মনসুর পাগলা একটু চুপ হয়ে গেল। চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর মন খারাপের গলায় বলল, ‘আমি তাইলে কী করমু? আমি যে মমিনারে ভালা পাই। তারে ছাড়া আমি আর কোনকিছু দেখি না। মন খালি বাড়িত পইড়া থাকে।’

মনসুর পাগলার ভারি ও মন খারাপ করা গলা শুনে আনিসের মন খানিকটা ভারি হয়ে গেল। সেই ছোটবেলা থেকে পাগলামি করতে করতে তার সঙ্গে বড় হয়েছে। পাগলামি করুক আর যাই করুক, সে তার সঙ্গ কখনও ছাড়েনি। তাকে অনেককিছু থেকে ঢাল হয়ে আগলে রেখেছে।

এখন মনসুর পাগলার জীবনে একটু স্তিরতা এসেছে। পাগলামি প্রায় চলে গেছে বলা যায়। পুনোয়ারার মস্তানের দরগায় গিয়ে আর বসে থাকে না। বাড়িতে থাকে, নিজের জায়গাজমি নিজেই দেখে। জেল থেকে ছাড়া পেয়ে আসার পর থেকেই তার এই পরিবর্তন।

বশির মোটর সাইকেলটা বারান্দার কাছে রেখে বাড়ি ভেতর কোথাও গিয়েছিল। খানিকক্ষণ পর ফিরে এসে একটা কাঁচের গ্লাস আনিসের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, ‘ভাইজান, আপনের লাইগা ডাবের পানি।’

আনিস হাত বাড়িয়ে গ্লাসটা নিতে নিতে বলল, ‘ডাব পেলি কোথায়?’

বশির বলল, ‘উত্তরপাড়ার রমজান আলীর বাড়িত থাইকা।’

‘কী, কিনে আনছিস?’

‘না, ভাইজান। হের বাড়িত থাইকা কিন্যা আনমু ক্যান?’

‘তাহলে?’

‘ভাইজান, সবজির মওসুমে হেয় আপনের জমির অর্ধেক চুরি কইরা লইয়া যায়। আপনে আইবেন শুইনা হের লাইগা তার গাছ থাইকা আইজ সক্কাল-সক্কাল ডাব পাইড়া লইয়া আইছি।’

‘কাজটা ঠিক করিসনি।’

‘জানি না, ভাইজান। হের বাড়িত নাইরকল গাছটায় এত-এত ডাব আইছে! এর থাইকা হুধা চাইর-পাঁচটা আনছি।’

মনসুর পাগলা চুপ হয়ে তাদের কথা শুনছিল। এবার সে বলল, ‘ভালা করছ, বশির। রমজান আলী একটা চোর। চোরের গাছ থাইকা জোর কইরা আনলে কিছু হয় না। তয় আমার ডাবের পানি কই?’

বশির হেসে বলল, ‘তোমার লাইগাও আনতাছি।’— বলেই সে আবার বাড়ির ভেতরে চলে গেল।

আনিস গ্লাসের ডাবের জলটা ঢকঢক করে একটানে শেষ করে বুইদ্দার বিলের দিকে তাকাল। বিলে রোদ-ছায়ার খেলা চলছে বেশ। এই রোদ উঠে তো পরক্ষণ ছায়া করে আসে। ভাদ্র মাস, এমনটাই হয়। তবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। অবশ্য এখন আঁধারিয়া বা এদিককার গ্রামগুলোতে ধানী জমির জন্য বৃষ্টির কোনো প্রয়োজন নেই। এমনিতেই গোমতীর জল আর উত্তরের জোয়ারের জল মিলে জমির ধানগাছগুলোকে গলা অব্ধি চুবিয়ে রেখেছে। বৃষ্টি হলে বরং ক্ষতি। গোমতীর জল বেড়ে গেলে বিলের জলের সঙ্গে তাল মিলিয়ে ধানগাছগুলো আর বাড়তে পারবে না। এতে ধানিজমিগুলো সব ডুবে যাবে। কৃষকের বড্ড ক্ষতি হবে। তারও অনেক ক্ষতি হবে।

আনিস কী ভেবে বিল থেকে দৃষ্টিটা টেনে এনে মনসুর পাগলার দিকে তাকাল। মনসুর পাগলা চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। সে আজও প্যান্টশার্ট পরে এসেছে। হলুদ রঙিন কাপড়ের শার্ট। ঢোঁড়াসাপের মতো ডোরাকাটা দাগ। নিশ্চয়ই সে মীরবহরি বাজারের কোনো কাপড়ের দোকান থেকে কাপড় কিনে দর্জি দিয়ে শার্টটা সেলাই করেছে। প্যান্টের কাপড়টাও সস্তার বলে সেলাই ফেঁসে যাচ্ছে।

আনিস জিজ্ঞেস করল, ‘মমিনা কি তোকে ভালোবাসে?’

মনসুর পাগলা মাটি থেকে দৃষ্টি তুলে আনিসের দিকে সরাসরি তাকাল। বলল, ‘জানি না, আনিস।’

‘জানিস না মানে?’

‘হেয় তো কোনোদিন কয় নাই। আমিও জিগাই নাই।’

‘তুই কি মমিনাকে বলেছিস যে তুই তাকে ভালোবাসিস?’

মনসুর পাগলা মাথা নেড়ে বলল, ‘না।’

আনিস একটু বিরক্তির গলায় বলল, ‘আজব তো, তুই যে ভালোবাসিস সেটা মমিনাকে জানাসনি। মমিনা তোকে ভালোবাসে কি না, সেটাও জানিস না। আর এদিকে তুই বিয়ে করার কথা পর্যন্ত ভেবে বসে আছিস?’

মনসুর পাগলা বলল, ‘এর লাইগাই তো তোমারে ঢাকা থাইকা আইতে কইছি। আমি মমিনারে ছাড়া বাঁচুম না। তুমি একটা পথ কইরা দাও। ওইসব ভালোবাসা-বাসি আমার দরকার নাই। আমি সরাসরি বিয়া কইরা ফেলামু।’

আনিস বিরক্তির মাত্রা আরও বাড়িয়ে বলল, ‘আরে গাধা। এক কথা কতবার বলব, মমিনা বিবাহিত। তার স্বামী আছে। তুই কীভাবে বিয়ে করবি?’

‘জামাই ছাইড়া চইলা গেছে। হেয় আর বিবাহিত্যা না।’

‘স্বামী ফেলে গেলেও তার এখনও তালাক হয়নি।’

‘তুমি তারে তালাক দেওয়নের ব্যবস্থা কর।’

‘আমি কেমনে করব?’

মনসুর পাগলা জোর গলায় বলল, ‘হেইডা আমি জানি না। তুমি করতে হইব।’

আনিস মাথা নেড়ে বলল, ‘তুই আসলেই একটা পাগল।’ ক্রমশ...

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোমতীকন্যা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত