সংবাদ
সংবাদ

সাক্ষাৎকার: ৭৫তম জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি

আমার তো ভাষাই শক্তি, ভাষাই ভরসা : শামীম আজাদ

সাক্ষাৎকার গ্রহণ: সাথী নন্দী
সাক্ষাৎকার গ্রহণ: সাথী নন্দী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

আমার তো ভাষাই শক্তি, ভাষাই ভরসা : শামীম আজাদ
শামীম আজাদ / জন্ম: ১১ নভেম্বর ১৯৫২

[দ্বিভাষী কবি শামীম আজাদের জন্ম বাংলাদেশে। তিনি লন্ডন ও ঢাকা মিলিয়ে দুটো শহরেই থাকেন ও লেখালেখি করেন। বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছেন। তিনি একজন গল্পকার, ক্রিয়েটিভ রাইটিং প্রশিক্ষক ও স্টোরিটেলার হলেও দেশে ও বিদেশে তাঁর পরিচয় কবি হিসেবেই। লোকজ উপাদান, অভিবাসন-অভিজ্ঞতা, স্মৃতি ও সমকালীন সমাজচিন্তার ভেতর দিয়ে গড়ে উঠেছে তাঁর স্বতন্ত্র কাব্যভাষা। এ পর্যন্ত তিনি কবিতা, গল্প, নাটক, শিশু সাহিত্য ও অনুবাদ মিলিয়ে ৪০টি গ্রন্থ রচনা করেছেন, যার ১৩ টিই কবিতার। তাঁর উল্লেখযোগ্য কবিতাগ্রন্থের মধ্যে রয়েছে— ‘ভালোবাসার কবিতা’, ‘স্পর্শের অপেক্ষা’, ‘হে যুবক তোমার ভবিষ্যৎ’, ‘ওম’, ‘জিয়ল জখম’, ‘জন্মান্ধ জুপিটার’, ‘প্রেম অপ্রেমের একশ কবিতা’, ‘কবিতাসমগ্র’ ইত্যাদি। তিনি কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ (২০২৩) অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন সাথী নন্দী।]

সাথী:
শুরুতেই জানতে চাইছি যে বাংলাদেশের সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডন— এই দুই ভুবনের অভিজ্ঞতা আপনার সৃষ্টিশীলতার ভিত কতটা বদলে দিয়েছে?

শামীম: ভিত একটাই, সে আমার জন্মভূমি, বাংলাদেশ। শুধুমাত্র সে ভূখণ্ডে জন্মেই পেয়ে গেছিলাম এক মধুর হাঁড়ি। আর আমি ছিলাম এক নগণ্য পিঁপড়ে। সেখান থেকেই কণা কণা সংগ্রহ করেই আমার শিল্পযাত্রার শুরু। তারপর ব্যক্তিজীবনে নানান পরিক্রমণে পেয়েছি সৃজনশীলতা অনুশীলনের বিচিত্র সুযোগ। প্রাপ্তি থেকে যা পেতাম এবং আগে নিজের যা ছিল, তারই সমন্বয় করবার আনন্দে কেটেছে আমার সময়। লক্ষ্য পাঠকের (টার্গেট অডিয়েন্স) স্থান-কাল বিবেচনা করে, তাদের প্রত্যাশা মাথায় করে রূপান্তর ঘটেছে আমার লেখার, বাঁক বদলেছে পরিবেশনার।

যেমন বিলেতের বাঙালি রেস্তোরাঁর বাঙালি শেফ কিংবা চিনা রেস্তোরাঁর চৈনিক শেফ তাঁদের পরিবেশনায় এখানের গ্রাহকদের রুচির কথাই মনে রাখেন। তাই তা পুরো বাঙালি রান্না বা চৈনিক রান্নার স্বাদে না হয়ে এক ভিন্ন স্বাদের হয়ে থাকে। তিনি বা তাঁরাই আবার নিজ ঐতিহ্যের দেশি মানুষের জন্য রান্না করলে তা হয় ভিন্ন। তবে দেশি মানুষের জন্য হলেও তিনি বিদেশের অভিজ্ঞতা থেকে নতুন কিছু যোগ করার চেষ্টা করবেন, এবং এটাই প্রত্যাশিত। আমার শিল্পজগতে এ বিবর্তন অনায়াস ছিল না একদম। তা ছিল, এবং অদ্যাবধি আছে— এক নিয়মিত একাগ্র অনুশীলন ও কবিগুরুর কথা, ‘দেবে আর নেবে... মিলিবে মেলাবে’, গ্রহণ-বর্জন প্রক্রিয়ার এক নিয়ত অভিনিবেশের ফল।

মা-বাবা দু’জনেই বৃহত্তর সিলেটের সন্তান বিধায় অভিভাবকসূত্রে আমি সিলেটি। সিলেটের ইতিহাস, ভাষা, নিজস্ব নাগরী লিপি, খ্যাতনামা সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমার মা আনোয়ারা তরফদার ও বাবা মাহমুদ তরফদারের প্রভাবও ছিল। বাবার সরকারি চাকরি অবিভক্ত আসাম থেকে শুরু করে ১৯৪৭-এর পর ময়মনসিংহ, ফেনী, জামালপুর, নারায়ণগঞ্জ হয়ে ১৯৭১-এ ঢাকায় শেষ হয়েছে। আমার জন্ম ময়মনসিংহে, ১৯৫১ সালে। বাবার চাকরির কারণেই আমি বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ ভাষা, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির বহুজাতিক পরিবেশে বেড়ে উঠেছি। আমার সৃষ্টিশীলতার ভিত ব্যক্তিজীবনের সেসব নানান অভিজ্ঞতায়ও ঋদ্ধ হয়েছে।

এবং ধারণা করি, বিলেতের বহুজাতিক, বহুভাষিক সমাজে নিজের মতো করে বসবার স্থান করে নিতে পেরেছি।

সাথী: অভিবাসী জীবন আপনার কবিতার ভাষায় কী ধরনের পরিবর্তন এনেছে?

শামীম: যে জীবনযাপন করছি বা এ যাবৎ করেছি এবং যা আমাকে অনাবাসী কবি বলে পরিচিত করে, তার অনুপানের প্রতিসরণ ঘটেছে ঘাটে ঘাটে। শুধু আংশিকভাবে ভাষার ক্ষেত্রেই নয়— আচারে, আচরণে, আবেশে, আবেগে, উচ্চারণে, উল্লম্ফনে, সামগ্রিকভাবেই।

আর অভিবাসী জীবন তো জীবনই। বাংলাদেশের ভেতরে সে ঠিক ঠাকুরগাঁও, নীলফামারী বা নারায়ণগঞ্জের মতোই! এর স্থানিক, ভাষিক ও সামাজিক ভিন্নতা আছে। এর গল্পগুলোও ভিন্ন। কিন্তু আমরা তো বাংলা ভাষাসূত্রে একসঙ্গে গাঁথা। আমার পাঠকদের জন্য তাঁদের না-দেখাকে বস্তু বা বিষয়কে দেখা করে তুলবার একটা সজ্ঞান প্রচেষ্টা করতেই হয়।

এখানেই কবির চ্যালেঞ্জ। তাতে ভাষা বাবদে ব্যবহৃত উপমা, রূপক ও শব্দের বিন্যাস ‘আপনার করিয়া পরের করিয়া’ তুলবার উদ্যোগের সঙ্গে উদ্বেগও থাকে, আছে। একে পরিবর্তন না বলে আমরা পরিমার্জন বলতে পারি। দৃষ্টিপাত সঠিক জায়গায় হচ্ছে কিনা, সে ভাবনার চেয়ে যে শব্দ আমার অন্তঃস্থল থেকে উৎসারিত হয়েছে, সে শব্দ নিয়ে ভাবি। বেশি ভাবতে দেখলে সে শব্দ বাদ দিই।

সাথী: ভাষার প্রতি আপনার সংবেদনশীলতা— এটা কি শৈশবের সিলেটি পরিবেশ থেকে এসেছে, নাকি প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বেশি?

শামীম: ধারণা করি, শুধু আমি নই, ব্যাপক সংখ্যক মানুষ নিজ মাতৃভাষাকে তার পরিচিতির অন্যতম সূচক মনে করেন বিধায় তাঁর প্রতি সংবেদনশীল থাকেন। গেল এক নম্বর। পরের কথাটি হলো সিলেটি উপভাষা নিয়ে, যা কিনা আমার ক্ষেত্রে আক্ষরিক অর্থেই (আমার মা-বাবা এবং আমার দাদা-পৈতৃদাদা সবার প্রথম ভাষা সিলটি) আমার মাতৃভাষা। বাংলাদেশের যে কোনো উপভাষার মতোই আমার মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষার পরিপূরক। ব্যতিক্রম ছাড়া আমরা সিলটিরা সবাই এ ভাষাতেই প্রথম জগৎ চিনি, বাড়িতে সিলটিতে কথা বলি, অন্য সিলটির সঙ্গে মন বিনিময় করি, সাহিত্যকর্মী হিসেবে নিজলেখা আরো সমৃদ্ধ করতে— আরো আকর্ষণীয় করতে... পাঠককে আমার কাজের প্রতি অনুসন্ধিৎসু করতে তা সজ্ঞানে বা অজ্ঞাতসারে (আশ্চর্য ব্যাপার) নিশ্চিতভাবে ব্যবহার করি। শব্দ প্রয়োগে সচেতনতাই মুখ্য। তা লেখকের বা কবির আত্মসম্মান, স্থান, প্রকৃতি ও সম্মান নির্ণায়ক হতে পারে।

আমার তো ভাষাই শক্তি, ভাষাই ভরসা। সিলেটি, প্রবাসী কিংবা অনাবাসী বলে নয়। নয় এই পাশ্চাত্যের বহুভাষাভাষী সমাজে শুধুমাত্র কবি হতে চাই বলেই এ উপলব্ধি। চিনি কম কোথায়, সে শুধু পিঁপড়ে জানে। তা বুঝেই সে লাইন দেয়।

সাথী: বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই লেখালেখি করার অভিজ্ঞতা কেমন? ভাষা বদলালে কি চিন্তার ভঙ্গিও বদলে যায়?

শামীম: কাঙ্ক্ষিত পাঠকের অভিজ্ঞতা, তাঁদের মূল ভাষার কথা মাথায় রাখতে হয় বৈকি। যিনি লেখক, তাঁর যে প্রথম ভাষা বা যে সমাজে বেড়ে ওঠা, তাঁর সঙ্গে তাঁর চিন্তার ভঙ্গির প্রত্যাশাও পাঠকের থাকে বলে বিশ্বাস করি। না হলে তিনি এশিয়ান নামধারী কবির কবিতা পড়বেন কেন?

আমরা যখন বাংলাদেশে ছিলাম, তখন ম্যানচেস্টার থেকে আগত আমার স্বামীর এক বন্ধু সপরিবারে রাতের খাবারের জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন। স্ত্রী ইংলিশ, বন্ধুটি বাঙালি ও সাহিত্যরসিক। তাঁদের দুই কিশোর সন্তান। আমি যথেষ্ট চিন্তাভাবনার পর খাবার মেনুতে শেফার্ড’স পাই, স্যুপ ও অ্যাপল ক্রাম্বল করেছিলাম। রান্নার সময় যথারীতি আমার রন্ধনশিল্পী মা’কে ফোন করেছিলাম। আহারের পর বন্ধুটি আমার রান্নার প্রশংসার পর বললেন, ‘তবে শামীম, তোমার বাঙালি রান্নার তুলনা হয় না’। আমি বুঝলাম, ওরা সেটাই হয়তো প্রত্যাশা করেছিলেন।

এ ক্ষেত্রে আমার দেশি রান্নাই ওদের রুচি অনুযায়ী ঝাল-মসলা কমিয়ে-বাড়িয়ে, কড়া পাক না করে, মাছের কাঁটা ছাড়িয়ে, মুরগিটা ঝলসে পরিবেশন করলেই হয়তো ভালো হতো। ভিন ভাষায় বিষয় অনুযায়ী দেশি ফ্লেভারটা রাখাটাই মুন্সিয়ানা।

সাথী: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতি আপনার কবিতায় যে পুনরাবৃত্ত হয়— তার কারণ কী?

শামীম: আমার জীবনে মুক্তিযুদ্ধই ছিল আমাদের অন্যতম জয়, যা প্রত্যক্ষ করেছি এবং নিজেও যুক্ত ছিলাম। এ ঘটনা শুধু একজন ক্ষুদ্র উঠতি কবির জীবনে নয়, জাতীয় জীবনেও এর চেয়ে বড় অর্জন আর নেই। বৈশ্বিক পাঠকও তা নিয়ে অবগত আছেন। পাঠকের সঙ্গে সেতুবন্ধনে সে সূত্র আমাকে চিহ্নিতও করে। গেল এক। দুই, আমার শিল্পচেতনা, স্মৃতি, চলমান সমাজনীতি এবং রাজনীতি থেকে আমার পরিচিতি আলাদা করতে পারি না, চাই না। তিন, বাংলা ভাষার মতো এও আমার শক্তি— আমার চেতনার মূল অনুপান।

মানুষের বহু পরিচিতি থাকে— পেশা, পরিবারে নিজ অবস্থান, আহার (পছন্দ-অপছন্দ), ধর্মবিশ্বাস, সাংস্কৃতিক পক্ষপাত, পারিবারিক ঐতিহ্য, সংগীত বা কাব্য বা সাহিত্য বা চলচ্চিত্র বা চিত্রের প্রতি ভক্তি— এসবই তো ভিন্ন ভিন্নভাবে পরিচয়, অথবা এর কিছুর সমন্বয়েই মানুষের পরিচিতি। এমনকি ভৌগোলিকভাবে একজন মানুষের বসবাসস্থলও তার একটি পরিচয় হতে পারে। আবার একটিকে মানুষ প্রধান পরিচয় হিসেবে নির্বাচনও করতে পারেন। এখানেই কথা। একটিকে প্রধান করলে অন্য কোনোটি কি গৌণ হয়ে পড়বে? প্রেক্ষিত অনুযায়ী তা পড়তেও পারে। আর পড়লেইবা তাতে কী লাভ? তাকে হয়তো আমি আটকে গেছি সেখানেই, যেখানে আমার প্রধান অঙ্গীকার।

সাথী: রাজনীতি ও সাহিত্য— এই দুইয়ের সম্পর্ককে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন?

শামীম: সংজ্ঞা দেওয়া খুব সহজ না। রাজনীতিতে সাহিত্য অথবা সাহিত্যে রাজনীতি বিষয়ের আগে ‘সৎ’ শব্দটি বসাতে চাই। কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা সাহিত্যকে অপব্যবহার করতে দেখে অনেক রাজনীতিকের বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। অথচ সততার সঙ্গে সমাজের মঙ্গল ভাবনা ও কর্মে দুটোরই সম্পর্ক জনগণের মনে একটি আস্থার জায়গা তৈরি করতে পারে। ব্যাপক সহযোগিতা তা করতে পারে, ব্যক্তি বা দলের জন্য একটা বিশ্বাসযোগ্যতা আনতে পারে। রাজনীতিকের রুচির মান নির্ণয়ে বাটখারা হতে পারে।

ব্যক্তিগত লাভ বা মিথ্যাচারের জন্য সাহিত্য ব্যবহার এক গর্হিত কাজ। তা মানার প্রশ্ন আসে না। সৎকাজের জন্য যে কোনো রাজনীতিবিদ যে কোনো সুকুমারবৃত্তির যোগ করতেই পারেন, কারণ তখন প্রাপ্তিটা হয় ব্যষ্টিক। সুতরাং এ দুটো বিষয় কৌশল হিসেবে সম্পর্ক গড়লে ও ব্যবহার করলে আমাদের সাহিত্যিকদের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু এর জন্য ব্যতিক্রমী রাজনৈতিক প্রতিভা ও ধীশক্তি লাগে। আমাদের উপমহাদেশে এবং বাইরে তার উদাহরণও যথেষ্ট রয়েছে।

সাথী: বাংলাদেশের সমকালীন কবিতার প্রবণতাগুলো আপনার কেমন লাগে?

শামীম: স্বল্প কথায় তা আকর্ষণীয়, সময়পরিমাপক এবং সমকালীন সাহিত্যদর্শনের প্রতিসরণও। বিষয়ের প্রবণতায় দেখি নিত্যদিনের সমাজবাস্তবতা, নারীর অধিকার, ধর্মীয় আগ্রাসন, সুবিধাভোগী রাজনীতি, পরিবেশ নিয়ে শঙ্কা, আবহাওয়ার সংকটচিন্তা— সবই। সমসাময়িক বাংলাদেশ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তাই তার সবই প্রাধান্য পাচ্ছে। তার মধ্যে বৈশ্বিক নাগরিকত্ববোধ রয়েছে, প্রকাশে প্রযুক্তির প্রভাব লক্ষ্য করা যায়। কবিতার কাঠামো নানান রকম হলেও জনপ্রিয় লেখাগুলোর আকার খুব বড়ো নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক, রোমান্টিকতা এবং ভার্চুয়াল জীবনের চিত্র কবিতার মতো করে উঠে আসলেও তা সব সময় কবিতা বলে ধরে নেওয়া ঠিক নয়। 

৩১ মে ২০২৬, গ্লাসগো, স্কটল্যান্ড

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আমার তো ভাষাই শক্তি, ভাষাই ভরসা : শামীম আজাদ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত